সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশকে নাস্তানাবুদ করা জিম্বাবুয়ে এবার পাত্তাই পেলো না ভারতের কাছে। ভারতের বিপক্ষে এবার আফ্রিকার এই দলটি মুদ্রার ঠিক উল্টোপিট দেখলো।
শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারারেতে স্বাগতিকদের ১৪৬ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে ভারত।
.png)
এর আগে বাংলাদেশের মতো ভারতকেও ২-১ ব্যবধানে হারানোর দম্ভ দেখায় জিম্বাবুয়ে। তবে তাদের সেই স্বপ্ন দিবাস্বপ্নই রয়ে গেলো। টানা দুই ম্যাচে ছিঁটেফোটাও লড়াই করতে পারলো না জিম্বাবুইয়ানরা।
হারারেতে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। সফরকারি বোলারদের তোপে ৩৮.১ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শন উইলিয়ামস। রায়ান বার্ল অপরাজিত থাকেন ৩৯ রানে।
বাংলাদেশের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজসেরা হওয়া সিকান্দার রাজা এবার টানা দুই ম্যাচেই ব্যর্থ। প্রথম ওয়ানডেতে ১২ রানের পর আজ আউট হয়েছেন ১৬ করে।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল শার্দুল ঠাকুর। ডানহাতি এই পেসার ৩৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
জবাবে শুরুতেই লোকেশ রাহুলকে (১) হারালেও জয় পেতে তেমন কষ্ট হয়নি ভারতের। শিখর ধাওয়ান ২১ বলে ৩৩ রানের ঝড় তুলে আউট হন। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল ভারত (৯৭ রানে ৪ উইকেট)। শুভমান গিল ৩৩ আর দীপক হুদা আউট হন ২৫ করে।
তবে সঞ্জু স্যামসন এর ৩৯ বলে ৪৩ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। অপর দিকে অক্ষর প্যাটেল অপরাজিত ছিলেন ৬ রানে।