ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অভিযোগপত্রে যে ভয়াবহ তথ্য দিলেন আল আমিনের স্ত্রী

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৮:৪১, ১ সেপ্টেম্বর ২০২২
অভিযোগপত্রে যে ভয়াবহ তথ্য দিলেন আল আমিনের স্ত্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে পেসার আল আমিন হোসেন। জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও তার পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। 

এরই মাঝে এই পেসারের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির লিখিত অভিযোগ করেছেন। 

Advertisement

বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় আল আমিনের স্ত্রী এ অভিযোগ দায়ের করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার অফিসার ইনচার্জ বলেন, ‘ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’

অভিযোগপত্র সুত্রে জানতে পারা যায়, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে বাসায় এসে যৌতুকের ২০ লাখ টাকা এনেছে কি না জানতে চায় সে (আল আমিন)। এতো টাকা দেয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয় বলে জানালে মারধর করে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে ( ইসরাত জাহান) উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। 

এর আগেও বেশ কয়েকবার শারীরিক এবং মানসিক নির্যাতনের বিষয়টি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে, থানায় অভিযোগ জানানোর পর গণমাধ্যমকে আল আমীনের স্ত্রী ইসরাত জাহান বলেন, ‘আল-আমিন একজন মেয়েকে নিয়ে প্রায়ই বাসায় আসত। ও দাবি করেছে, ও ওই মেয়েকে বিয়ে করেছে। কিন্তু আমি কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাইনি। ও যৌতুক দাবি করে আমাকে মারধরও করতো।’

তিনি বলেন, আমি আমার ছেলেদের কথা চিন্তা করে তার সঙ্গে সংসার করতে চাই। কিন্তু তাকে সব ছেড়ে আমার সঙ্গে থাকতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহানের দাম্পত্য জীবন ১২ বছরেরও বেশি সময়ের। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৬ বছর এবং ছোট ছেলের বয়স সাড়ে চার বছর। 

নারীঘটিত বিভিন্ন কারণে এর আগেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছিলেন আল আমিন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!