ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী: ছোটন

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৯:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২২
জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী: ছোটন
ছবি: সংগৃহীত

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল সোমবার। পঞ্চমবারের মতো ফেভারিট হিসেবেই মাঠে নামবে নেপাল। অন্যদিকে বাংলাদেশের এটা দ্বিতীয়। বাংলাদেশের পারফর্মেন্সে স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কিন্তু ফাইনালের আগে আত্মবিশ্বাসের কমতি নেই বাংলাদেশ শিবিরে। 

বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছে। আর সেমিফাইনালে ভুটানকে গুনে গুনে ৮ গোল দিয়েছে। ফাইনালে ওঠার আগে চার ম্যাচে সব মিলিয়ে ২০ গোল দিয়েছে সাবিনারা। এই ফাইনালে যেই দল জিতুক, তারা প্রথমবার সাফ ট্রফির স্বাদ পাবে।

সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন ফাইনাল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন। 

Advertisement

ফাইনাল নিয়ে ছোটন বললেন, ‘আমাদের খেলোয়াড়রা ফাইনাল খেলতে প্রস্তুত। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। ফাইনালের জন্য আমাদের পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী খেলবো। আমাদের এতদিনের পারফরম্যান্সের দিকে তাকান, আমরা ভালো খেলেছি। ফাইনাল হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, নেপালও শক্তিশালী দল। স্বাগতিক দলের বিপক্ষে খেলা সবসময় কঠিন। কিন্তু আমরা ফাইনালের জন্য আত্মবিশ্বাসী।’

দলের অধিনায়ক সাবিনা খাতুন ৮ গোল করে এই টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা। ফাইনালকে সাধারণ ম্যাচ হিসেবে দেখতে চান, কারণ কোনও চাপ নিতে চান না। 

তবে হেড টু হেডে নেপালের কাছে পিছিয়ে আছে বাংলাদেশ। সাফে তিনবারের দেখায় সবগুলো হেরেছে সাবিনারা। 

তবে এবারে যে বীরদর্পে তারা ফাইনালে উঠেছে, বিশেষ করে ভারতকে হারিয়ে তারা যে শক্তিমত্তা দেখিয়েছে, তাতে ট্রফির আশা করতেই পারে বাংলাদেশ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!