ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ৩ নভেম্বর ২০২২
বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান
ছবি: আইসিসি

চলমান টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে যেতে চাইলে বাকি থাকা সব ম্যাচই জিততে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও। এমন সমীকরণের মুখে বাঁচা-মরার লড়াইয়ে আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাবর আজমের দল। যার মাধ্যমে টিকে রইল তাদের সেমিফাইনালের স্বপ্ন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৮৫ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। রান তাড়া করতে নামার পর মাঝে বৃষ্টি আসায় দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২। জবাবে ১০৮ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। দলের হার ৩৩ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে রান তাড়া করতে নেমে খাতা খোলার আগেই আউট হন কুইন্টন ডি কক। ৭ রানের বেশি করতে পারেননি রাইলি রুশোও। এরপর অবধ্য প্রতিরোধ গড়ে তোলেন টেম্বা বাভুমা ও এইডেন মার্করাম।

Advertisement

তবে ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসেই ম্যাচের গতিপথ পাল্টে দেন শাদাব খান। প্রথমে ৩৬ রান করা বাভুমা ও এক বল বিরতি দিয়ে ২০ রান করা মার্করামকে সাজঘরে ফেরান তিনি। এর কিছু পরই নামে বৃষ্টি। এ সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৯ ওভারে চার উইকেটে ৬৯ রান।

বৃষ্টি থামার পর বাকি থাকা ৫ ওভারে প্রোটিয়াদের করতে হতো ৭৩ রান। তবে তা আর করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। 

পাকিস্তানের হয়ে তিন উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া শাদাব খান দুটি এবং হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন।

এর আগে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান। বাজে ব্যাটিং ফর্ম থেকে বেরোতে পারেননি কেউই, ফেরেন যথাক্রমে ৪ ও ৬ রানে।

এ ম্যাচে সুযোগ পাওয়া মোহাম্মদ হারিস ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার বিদায়ের পর দ্রুত ফেরেন ২ রান করা শান মাসুদ। মোহাম্মদ নাওয়াজ এদিন করেন ২৮ রান।

৯৫ রানে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে ৮২ রানের দুর্দান্ত জুটি গড়েন ইফতিখার আহমেদ ও শাদাব খান। দুজনেই ফিফটি হাঁকান। সাজঘরে ফেরার আগে করেন যথাক্রমে ৫১ ও ৫২ রান। 

শেষদিকে পাকিস্তানের আর কেউই রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন আনরিখ নর্তিয়ে। এছাড়া কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!