ডেড রাবার ম্যাচে মেলবোর্নে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
.png)
টস জিতে রোহিত বলেন, ‘আমাদের সামনে এখন একটাই লক্ষ্য- শেষ ম্যাচ জিতে সেমিফাইনাল খেলা। এছাড়া অন্য কিছুই ভাবার কোন অবকাশ নেই। দলের সবাই জানে শেষ ম্যাচে আমাদের কি করতে হবে। ব্যাটিং-বোলিংয়ে দারুণ ছন্দে রয়েছে দল। জয় পাবার ব্যাপারে আমরা আশাবাদী।’
জিম্বাবুয়েরও লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ শেষ করা। দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের লক্ষ্য ছিলো সুপার টুয়েলভে খেলা। এরপর সেমিতে খেলার স্বপ্ন ছিলো। কিন্তু দুর্ভাগ্য আমাদের। স্বপ্ন পূরণ না হলেও এখন পর্যন্ত যা হয়েছে, তাতে আমরা খুশি। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি আমরা উপভোগ করতে চাই। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করাই এখন লক্ষ্য।’
এখন পর্যন্ত ৭বার মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবুয়ে। ৫ জয় আছে ভারতের। ২ জয় জিম্বাবুয়ের। ২০১৫ ও ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরে টি-২০ সিরিজে ১টি করে ম্যাচ হেরেছিলো ভারত। ২০১৬ সালের পর আর এই ফরম্যাটে দেখা হয়নি এই দু’দলের। টি-২০ বিশ্বকাপেও এই প্রথম লড়বে ভারত ও জিম্বাবুয়ে।
এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শেষ হবে। ৯ নভেম্বর থেকে শুরু হবে সেমিফাইনাল পর্ব। ১৩ নভেম্বর হবে ফাইনাল।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবেনশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।
জিম্বাবুয়ে দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্রাড ইভান্স, লুক জঙ্গি, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলে মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদাজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।