ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইমরান খানকে কারাগারে ‘ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে’:কাসিম খান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইমরান খানকে কারাগারে ‘ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে’:কাসিম খান
ইমরান খানের ছেলে কাসিম খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কাসিম খান। তার অভিযোগ, কারাগারে ইমরান খানকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে কাসিম দাবি করেন, তার বাবাকে কারাগারে রেখে গোপনে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Advertisement

কাসিম বলেন, তারা স্পষ্টতই তার বাবাকে কারাগারে হত্যা করতে চায়। যতটা সম্ভব গোপনে তাকে নীরব করে ধীরে ধীরে অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

কাসিমের মতে, ইমরান খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ব্যক্তি হওয়ায় তাকে রাজনৈতিকভাবে থামিয়ে দেওয়ার জন্য এমন কৌশল নেওয়া হচ্ছে।

ইমরানের পরিবারের অভিযোগ, কারাগারে একাকী বন্দিত্ব, পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত থাকায় তার পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠনের কথাও বলা হয়। তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়।

ইমরানের আরেক ছেলে সুলাইমান খানও বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে পাকিস্তান সরকার ইমরানের সঙ্গে দুর্ব্যবহার কিংবা চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে আসছে।

কারাগারে ইমরানের জীবন নিয়ে কাসিমের সাম্প্রতিক মন্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রিকেট মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান। এরপর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং ২০১৮ সালের আগস্টে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

তবে ২০২২ সালের এপ্রিলে জাতীয় সংসদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। ২০২৩ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!