ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একপ্রকার গুঁড়িয়ে গেছে ভারত। জস বাটলার এবং অ্যালেক্স হেলসের দাপটে ১০ উইকেটে হার মানে তারা। যার ফলে আরো একটা আইসিসির প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
তবে ট্রফি না পেলেও ভারতীয় ক্রিকেটারদের পকেট ভরছে ভালোভাবেই। বিরাট কোহলি, রোহিত শর্মারা সেমিফাইনালে ওঠার কারণে আইসিসির কাছ থেকে মোটা অঙ্কের পুরস্কার পেতে চলেছেন।
.png)
সুপার টুয়েলভে প্রতি ম্যাচে জেতার জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলো। সে হিসেবে চারটি ম্যাচ জেতায় ভারতীয় দল পাচ্ছে প্রায় এক লক্ষ ৬০ হাজার ডলার। এছাড়া সেমিফাইনালে ওঠার কারণে ভারত পাবে আরো ৪ লক্ষ ডলার।
অর্থাৎ সব মিলিয়ে পাঁচ লক্ষ ৬০ হাজার ডলার (বাংলাদেশি মানে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি) পাচ্ছে ভারত। সেই টাকা ভাগ হবে দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে। অর্থাৎ সেমিফাইনালে বিদায় নিলেও কোহলিরা প্রত্যেকে পাবেন ৩৭ হাজার ডলারেরও বেশি। বাংলাদেশি মানে যা প্রায় ৩৮ লক্ষ টাকা।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান এবং ইংল্যান্ড। যে দলই ট্রফি জিতুক না কেন, ঘরে ঢুকবে প্রায় ১৬ লক্ষ ডলার। ফাইনালে হারলেও মোটা অঙ্কের পুরস্কার পাবেন তারা। রানার্স দলের জন্য থাকছে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক পুরস্কারমূল্য। অর্থাৎ ফল যাই হোক না কেন, মোটা অঙ্কের অর্থ নিয়েই ফিরবেন ক্রিকেটাররা।