ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলকে বিদায় জানালেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ১৬ নভেম্বর ২০২২
আইপিএলকে বিদায় জানালেন পোলার্ড
কাইরন পোলার্ড- ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই তরুণদের চার-ছক্কার ঝড়। তুলনামূলক বয়সী কিংবা অভিজ্ঞ ক্রিকেটারদের খুব একটা সুযোগ দেয় না ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন মৌসুম শুরু আগে সে পথেই আগালো আসরের অন্যতম পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্স। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার কাইরন পোলার্ডকে ছেড়ে দিয়েছে তারা। 

এমন পরিস্থিতিতে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে রাজি নন সাবেক ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। তাই ইতি টেনে দিয়েছেন ১৩ বছরের আইপিএল ক্যারিয়ারের। তবে পোলার্ডের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না মুম্বাইয়ের। আইপিএল না খেললেও সংযুক্ত আরব আমিরাতের নতুন টি-২০ লিগে মুম্বাইয়ের দল এমআই এমিরেটসের হয়ে খেলবেন তিনি।

Advertisement

আইপিএলে দল তাকে খেলোয়াড় হিসেবে না খেলালেও অন্য ভূমিকায় সাদরে রেখে দিয়েছে। দীর্ঘদিন ধরে দলকে সার্ভিস দেওয়া পোলার্ডকে আগামী মৌসুম থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগআউটে দেখা যাবে। ব্যাটিং কোচ হিসেবে দলটির কোচিং প্যানেলে যোগ করা হয়েছে তাকে। মুম্বাই ব্যাটারদের পাওয়ার হিটিং শেখাবেন তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথ এক বিবৃতিতে মঙ্গলবার নিজের সিদ্ধান্ত ও পরবর্তী ধাপের কথা জানান পোলার্ড। তিনি বলেন, আরো কয়েক বছর খেলতে চাই, তাই সিদ্ধান্তটা নেয়া আমার জন্য সহজ ছিল না। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনার পর আইপিএলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।

মারকাটারি ব্যাটিংয়ের জন্য নামডাক ছড়ানো এই ক্যারিবীয় ক্রিকেটার আরো বলেন, এই অসাধারণ ফ্র্যাঞ্চাইজিটির অনেক অর্জন রয়েছে, তাদের পালাবদলের দরকার, সেটি বুঝি আমি। আমি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে না খেলি, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও নিজেকে খেলতে দেখতে পারব না।

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিং, দুর্দান্ত ফিল্ডিং ও বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়েন পোলার্ড। পরের বছর ২ লাখ মার্কিন ডলার ভিত্তিমূল্যে আইপিএল নিলামে নাম লেখান তিনি। চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়াই করে তাকে দলে নেয় মুম্বাই।

এরপর থেকে কেবল মুম্বাইয়ের হয়ে খেলেছেন পোলার্ড। আইপিএলে কেবল একটি দলের হয়েই খেলছেন এমন ক্রিকেটারদের তালিকায় নাম মাত্র ৫টি। সেই ছোট্ট তালিকায় আছেন পোলার্ডও। এই তালিকায় কমপক্ষে ১০০ ম্যাচ খেলা পাঁচ ক্রিকেটারের একজন তিনি।

আইপিএলে মুম্বাইয়ের হয়ে ১৮৯টি ম্যাচ খেলেছেন পোলার্ড। ১৪৭.৩২ স্ট্রাইক রেটে তার রান ৩ হাজার ৪১২। ফিফটি আছে ১৬টি। সঙ্গে নিয়েছেন ৬৯টি উইকেট। আইপিএলে ৩ হাজার রান ও ৫০ উইকেটের ডাবল পোলার্ড ছাড়া আছে শুধু অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের। ১৪ বার হয়েছেন ম্যাচসেরা।

২০১৩ আসরে পোলার্ডের ব্যাটেই ফাইনালে চেন্নাইকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তোলে মুম্বাই। এরপর আরো চারবার মুম্বাইয়ের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন পোলার্ড। এর আগে, গত এপ্রিলে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৫ বছর বয়সী পোলার্ড।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!