ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের আগে বড় ধাক্কা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪১, ১৮ নভেম্বর ২০২২
বিশ্বকাপের আগে বড় ধাক্কা আর্জেন্টিনার
নিকোলাস গনজালেস ও হোয়াকিন কোরেয়া

আরম আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে যে শঙ্কা করা হয়েছিল, সেটাই সত্যি হলো। বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন নিকোলাস গনজালেস ও হোয়াকিন কোরেয়া। 

দলের এই অবস্থায় অন্য দুই খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কোলানি। এ দুজনের জায়গায় দলে ডাকা হয়েছে থিয়াগো আলমাদা ও অ্যাঞ্জেল কোরেয়াকে। দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে আর্জেন্টিনা থেকে কাতারে রওনা দিয়েছেন তাঁরা।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন গনজালেস। তবে হোয়াকিন কী কারণে ছিটকে গেছেন সেটি প্রকাশ করা হয়নি। দুজনই উইঙ্গার। ধারণা করা হচ্ছে, আনফিটের কারনেই ছিটকে গেছেন হোয়াকিন।

Advertisement

এই দুজনের বদলি হিসেবে দলে আসা অ্যাঞ্জেল কোরেয়া গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলে ছিলেন। চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়েও ভালো ফর্মে ছিলেন কোরেয়া। ২১ ম্যাচ খেলে করেছিলেন ৪ গোল।

সুযোগ পাওয়া অপর খেলোয়াড় আলমাদা জাতীয় দলে প্রথম ডাকই পেয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে। খেলেছিলেন হন্ডুরাসের বিপক্ষে। ২১ বছর বয়সী আলমাদা খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেডে। এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৬ গোল ও ১২ অ্যাসিস্টে লিগের বর্ষসেরা নবাগত ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন।

বিশ্বকাপ লড়াইয়ে নামার আগে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ৫-০ ব্যবধানে জেতা সেই ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, চোটের কারণে কিছু পরিবর্তন আনা হতে পারে। 

যারা দল থেকে ছিটকে গেছেন, তাদের বাইরে আনফিটের কারণে আমিরাতের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরো ও পাপু গোমেজরা। তাদেরকে চোট ও ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে রাখেননি স্কোলানি।

ফিফার নিয়ম অনুযায়ী, কাতার বিশ্বকাপে চোট কিংবা মারাত্মক অসুস্থতাজনিত কারণে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টার আগপর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। লুসাইলে ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে বিশ্বকাপে অভিযাত্রা শুরু করবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার
নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিকাফিকো ও জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার
রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড
লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লটরাও মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া ও থিয়াগো আলমাদা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!