অনলাইন কিংবা অফলাইন সর্বত্রই এখন সরগরম করে রেখেছেন দুই দলের ভক্তরা। দেশের অন্যান্য জায়গার মতো পতাকা, ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম নগরের অলিগলি। পতাকা-জার্সির দোকানগুলোতে বেড়েছে ভিড়।
নগরের রিয়াজউদ্দিন বাজারের স্পোর্টস মার্কেট। পুরো শহরের যাবতীয় খেলার সামগ্রী পাইকারি ও খুচরায় সরবরাহ হয় এ মার্কেট থেকে। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মার্কেটটিতে চলছে উৎসবের আমেজ। খুচরায় জার্সি কিনতে আসা ক্রেতাদের কাছে বিক্রেতাদের প্রশ্ন এখন একটাই- ব্রাজিল নাকি আর্জেন্টিনা?
.png)
বুধবার স্পোর্টস মার্কেট ঘুরে কথা হয় কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে। সীতাকুণ্ডের ইসমাইল হোসেন। একটি গার্মেন্টস পণ্যের দোকান রয়েছে তার। বিশ্বকাপকে সামনে রেখে এসেছেন পাইকারিতে বিভিন্ন দলের জার্সি কিনতে। এরপর সেগুলো নিয়ে বিক্রি করবেন নিজ দোকানে।
ইসমাইল হোসেন বলেন, সারা বছর কমবেশি জার্সি কেনা হয় এখান থেকে। তবে বিশ্বকাপ চলাকালে চাহিদা থাকে বেশি। আমি এ নিয়ে তিন চালান জার্সি নিয়ে যাচ্ছি। আগের দুই চালানে দুই হাজারের মতো জার্সি বিক্রি করেছি।
আরেক পাইকারি ক্রেতা সাতকানিয়ার জামাল উদ্দিন বলেন, শুধুমাত্র বিশ্বকাপ মৌসুমে জার্সির ব্যবসা ভালো হয়। তাই আমরা এ সময়টাতে জার্সির ওপর গুরুত্ব দেই। আমার দোকানে অন্যান্য মালামাল থাকলেও আপাতত জার্সি বিক্রি করছি বেশি। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি বেশি বিক্রি হচ্ছে। সঙ্গে দুই দলের পতাকাও রেখেছি কিছু।
নগরের সিটি গেট থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জার্সি কিনতে এসেছেন কলেজছাত্র মাহিম। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্ট করি। নান্দনিক ফুটবল মানেই ব্রাজিল। এবারের বিশ্বকাপ ব্রাজিল জিতবে বলে আশা করছি।
স্পোর্টস মার্কেটের এক দোকানের কর্মী ফারুক বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই মার্কেটের অন্যরকম চিত্র। পাইকারি ও খুচরা বিক্রেতাদের এতো ভিড়, আমরা দম ফেলার সুযোগই পাচ্ছি না। ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি বিক্রি হচ্ছে বেশি। এর পাশাপাশি জার্মানি, ফ্রান্স, ইতালিসহ কয়েকটি দলের জার্সির চাহিদা আছে। দামও আমরা রেখেছি হাতের নাগালে।
আনন্দ র্যালিতে মেতেছেন সমর্থকরা
কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এরই মধ্যে নগর ও জেলার বিভিন্ন জায়গায় আনন্দ র্যালি করেছে ফুটবলপ্রেমীরা। শনিবার বিকেলে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকায় আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে আনন্দ র্যালি করে ‘তিনঘরিয়াটোলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।’
ওই র্যালিতে নেতৃত্ব দেওয়া আহমেদ রাকিব বলেন, মাষ্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা অত্যন্ত পরিপূর্ণ টিম হিসেবে এবার বিশ্বকাপ যাত্রা শুরু করবে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় এবার বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা তাদের এবারের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে। বিশ্বকাপে সাতটি ম্যাচে জয় নিশ্চিত করে ৪৩ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা অনন্য রেকর্ড গড়বে বলে আমরা আশাবাদী।
ব্যানারে আর্জেন্টিনা
বড় একটি ব্যানার। যেখানে মাঝখানে গুরুত্ব পেয়েছে আর্জেন্টিনা শিবিরের ছবি। আর পাশেই রয়েছে প্রিয় বাংলাদেশের পতাকা ও কয়েকজন যুবক। এভাবেই আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন সীতাকুণ্ডের আরিফ, সোহেল, রিয়াজ, শরীফ ও মহসীনরা।
এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, আমরা মনেপ্রাণে আর্জেন্টিনা সমর্থন করি। মেসি আমাদের আইডল। এবারের বিশ্বকাপটা তাদের হোক।
ছবিতে থাকা আরেকজন মো. মহসীন বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই আনন্দের সীমা নেই। এলাকায় আমরা সবাই একসঙ্গে ফুটবল দেখার আয়োজন করেছি। সম্ভব হলে প্রজেক্টরে ফুটবল দেখানোর চিন্তাভাবনা আছে।
ব্রিজ জুড়ে শুধুই ব্রাজিল-আর্জেন্টিনা
চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার খোদারহাট ব্রিজে সারি সারি করে লাগানো হয়েছে দুই দলের পতাকা। বাংলাদেশে জনপ্রিয়তায় বড় অংশ দখল করে রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনা, এটি যেন তারই এক প্রতিচ্ছবি। দুই দলের পতাকা লাগিয়ে তাদের প্রতি সমর্থনের জানান দিয়ে যাচ্ছেন বৈলতলী এলাকার ফুটবলপ্রেমীরা।
এলাকাটির বাসিন্দা ইকবাল বলেন, আমাদের দেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক বেশি, এতে ভুল নেই। বৈলতলী এলাকাতেও দুই দলের সমর্থক আছে। তবে আমরা সবাই মিলেমিশে খেলাটাকে উপভোগ করতে চাই।
৩২ দলের লোক আবু খলিফা
আবু আহমেদ ওরফে আবু খলিফা। নগরীর সিনেমা প্যালেস এলাকায় পতাকার দোকান তার। ৪০ বছরের বেশি সময় ধরে পতাকা নিয়ে কারবার করা আবু খলিফার দোকানের নাম ‘পতাকা বিতান’। জাতীয় দিবস, রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা ক্রিকেট-ফুটবলের বড় আসরগুলোতে পতাকার চাহিদা বাড়ে তার দোকানে।
বিশ্বকাপ ফুটবলের সময় যত ঘনিয়ে আসছে, ততই আবু খলিফার দোকানে বাড়ছে তরুণ-যুবকের ভিড়। বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া দলগুলোর জাতীয় পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আবু খলিফাও। পতাকা তৈরি-বিক্রির পাশাপাশি করছেন জার্সি বিক্রি।
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আট মাস আগেই পতাকা তৈরির কাজ শুরু করেন আবু খলিফা। এরই মধ্যে বিভিন্ন দলের ১০ হাজারের বেশি পতাকা তৈরি করেছেন তিনি। মাসখানেক ধরে চলছে এসব পতাকা বিক্রি।
কোন দলের পতাকা-জার্সি বিক্রি হচ্ছে বেশি- জানতে চাইলে আবু খলিফা বলেন, আমাদের দেশে সাধারণত দুটি দলের সমর্থক বেশি। সেগুলো হলো- ব্রাজিল ও আর্জেন্টিনা। এ দুই দলের পতাকা ও জার্সি বেশি বিক্রি হচ্ছে। এছাড়া জার্মানি, স্পেনসহ আরো কিছু দলের পতাকা-জার্সির চাহিদা আছে। সেগুলোও বিক্রি হচ্ছে।
নিজে কোন দলের সমর্থক- এমন প্রশ্নের জবাবে আবু খলিফা বলেন, আমার নির্দিষ্ট কোনো দল নেই। আমি ৩২ দলের লোক। সবার পতাকাই আমি বিক্রি করি।
বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে অংশ নিতে যাওয়া দলগুলো হলো-
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে।