ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে থামানোর উপায় বাতলে দিলেন মেক্সিকো কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ২৬ নভেম্বর ২০২২
মেসিকে থামানোর উপায় বাতলে দিলেন মেক্সিকো কোচ
সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে খাদের কিনারায় চলে গেছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা।  তাদের সামনে এখন একটাই সমীকরণ। পরের দুই ম্যাচ জিততেই হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে নিজেদের প্রথম দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে মেসিরা। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনাকে থামানোর ছক কষছেন মেক্সিকোর কোচ। অবাক করা ব্যাপার হলো, আর্জেন্টিনাকেই থামাতে শিষ্যদের উপায় বাতলে দিচ্ছেন আরেকজন আর্জেন্টাইন। তাঁর নাম জেরার্দো মার্টিনো, সবাই চেনে টাটা মার্টিনো নামে। তিনিই এবার সামলাচ্ছেন মেক্সিকোর ডাগআউট।

আর্জেন্টাইন এই কোচের সামনে আজ মূল চ্যালেঞ্জ হবে মেসিকে থামানো। মেসিকে তিনি ভালো করেই চেনেন। বার্সেলোনা এবং আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করার সময় মেসিকে কাছ থেকে দেখেছেন মার্টিনো। মেসির ভেতরে-বাইরের অনেক কিছুই জানা আছে তাঁর। আর সেগুলোই কাজে লাগাতে চান তিনি।

সৌদি আরবের বিপক্ষে মেসি না হয় নিজের ছায়া ছিলেন। কিন্তু প্রত্যেক ম্যাচে যে এমন থাকবেন না, সেটা মার্টিনো তো বটেই পুরো বিশ্বের যেকোনো কোচই ভালোভাবেই জানেন। নিজের দিনে মেসিকে থামানো কঠিন। তবে অসম্ভব নয়, কিন্তু কিভাবে? সেই উপায়টাই বাতলে দিলেন এই আর্জেন্টাইন।

Advertisement

মার্টিনোর ভাষ্য, ‘মেসি তার সেরা ছন্দে থাকবে, এটা বিবেচনায় নিয়েই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের কখনো এটা ভাবা উচিত না যে সে তার সেরা ছন্দে থাকবে না। পুরো ৯০ মিনিটের ৫ মিনিটই তার জন্য যথেষ্ট। ম্যাচের পুরোটা সময় খুবই মনোযোগী থাকতে হবে এবং তার ওপর চোখ রাখতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১ টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে আর্জেন্টিনার সামনে জয়ের কোনো বিকল্প নেই।। প্রত্থম ম্যাচ হেরে টেবিলের তলানীতে লিওনেল মেসিরা। অন্যদিকে মেক্সিকোর সামনেও একই সমীকরণ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!