ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ব্রাজিলের হার সইতে না পেরে যে বিশ্বকাপে আত্মহুতি দেয় ভক্তরা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৯:২৪, ২৯ নভেম্বর ২০২২
ব্রাজিলের হার সইতে না পেরে যে বিশ্বকাপে আত্মহুতি দেয় ভক্তরা
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৫০ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে ছিল সংশয়। সে সংশয় কাটিয়ে সেবার সফলতার সঙ্গেই মাঠে গড়ায় ফুটবলের বিশ্বকাপ।  মজার ব্যাপার হলো সেবার ফাইনাল খেলা দেখার জন্য মারাকানা স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় ২ লক্ষ দর্শক। 

এর অবশ্য কারণও ছিল। সেবার ব্রাজিল উঠেছিল ফাইনালে আর ফুটবল পাগল ব্রাজিলিয়ানরা স্বাগতিকদের খেলা দেখার জন্য এদিন পুরো মাঠ ভরিয়ে তোলে।     

চতুর্থ বিশ্বকাপে থেকে নেয়া হয় এক অদ্ভুত সিদ্ধান্ত। নকআউট পর্ব তো ছিলই না, ছিল না ফাইনাল ম্যাচও। সেবার গ্রুপ পর্বের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর সেটা পায় উরুগুয়ে।

সেবার প্রথম লেগের মতো ফাইনাল পুলের শুরুটা দারুণ করে ব্রাজিল। ৭-১ গোলে উড়িয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে দেওয়া দল সুইডেনকে। পরের ম্যাচেও তারা দুর্দান্ত। এবার ৬-১ গোলে উড়িয়ে দেয় স্পেনকে। 

প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দরকার ছিল কেবল হার এড়ানো। আর সে ম্যাচের শুরুটাও হয় দারুণ। ৪৭ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপর ২টি গোল খেয়ে উল্টো হেরে বসে দলটি। আর এতেই দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় উরুগুয়ে।

অথচ পুরো টুর্নামেন্টে দারুন খেলে আসা ব্রাজিল সেদিন চ্যাম্পিয়ন হবে ভেবে মারাকানা স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় ২ লক্ষ ভক্ত সমর্থক। যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। আগের দুই ম্যাচের ফলাফলই আত্মবিশ্বাস এনে দিয়েছিল তাদের। 

উরুগুয়ে যে আসরে সুইডেনের বিপক্ষে জিতেছিল ৩-২ গোলে, স্পেনের বিপক্ষে ২-২ গোলে ম্যাচ ড্র করে। অথচ ব্রাজিল এই দুই দলের বিপক্ষে দিয়েছিল ১৩ গোল। সেই ব্রাজিলই শেষ ম্যাচে এসে হেরে বসে উরুগুয়ের কাছে।

কিন্তু অলিখিত সেই ফাইনালে খেই হারিয়ে শুধু শিরোপাই হারায়নি তারা, হারিয়েছিল দেশটির বেশ কিছু ভক্ত-সমর্থককেও। প্রিয় দলের হার সইতে না পেরে মারাকানার ছাদ থেকে লাফিয়ে আত্মহুতি দেয় তারা। যা ফুটবল ইতিহাসে আজও হৃদয়বিদারক এক ঘটনা হিসেবে রয়ে যায়।
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!