আফ্রিকার দেশটি হেরেছে, অন্যদিকে জয় পেলেও তা যথেষ্ট ছিল না উরুগুয়ের জন্য। এ অবস্থায় অতিরিক্ত সময়ের গোলে কাতার বিশ্বকাপের নক আউটে উত্তীর্ণ হয়েছে দক্ষিণ কোরিয়া।
এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার 'এইচ' গ্রুপের ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে উঠেছে পর্তুগাল। চার পয়েন্ট পাওয়া কোরিয়ানরা হয়েছে গ্রুপ রানার্স আপ।
.png)
ঘানাকে হারিয়ে ৪ পয়েন্ট পেলেও নক আউটে উঠতে পারেনি উরুগুয়ে। গোল ব্যবধান সমান থাকলেও গোল দেওয়ার সমীকরণে পিছিয়ে থেকে বাদ পড়েছে তারা। যেখানে সঙ্গী হিসেবে ঘানাকে পেয়েছে তারা।
রেফারি শেষ বাঁশি বাজানোর পরও মাঠেই ৮ মিনিট দাঁড়িয়ে ছিল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা। কারণ এ সময় অপর ম্যাচে উরুগুয়ে আর একটি গোল দিলেই বিদায় নিতে হতো তাদের। তবে শেষ পর্যন্ত তা আর পারেনি লুইস সুয়ারেজের দল।
ম্যাচে ৫২ শতাংশ সময় বলের দখল রেখে ১২টি শট নেয় পর্তুগাল, যার মাঝে পাঁচটি ছিল লক্ষ্যে। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রাও ছয়টি শট লক্ষ্যে রাখে, যেখানে গোলের জন্য মোট ১৩টি শট নেয় তারা। এশিয়ার দেশটির কাছে বলের দখল ছিল ৩৩ শতাংশ সময়।
পঞ্চম মিনিটে রিকার্দো হোর্তার গোলে এগিয়ে যায় পর্তুগাল। হাল না ছাড়া মানসিকতার দক্ষিণ কোরিয়া ম্যাচে ফিরতে সময় নেয় ২৭ মিনিট পর্যন্ত। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভুলে বল পেয়ে দলকে সমতায় ফেরান কিম ইয়ুঙ্গুন।
প্রথমার্ধে এই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর প্রতি আক্রমণে ব্যস্ত ছিল দুই দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা বাড়ছিল কোরিয়া শিবিরে।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আসে দক্ষিণ কোরিয়ার পরম আরাধ্য মুহূর্ত। এ সময় সন হিউং মিনের ঠান্ডা মাথার অ্যাসিস্টের মধুর সমাপ্তি প্রদান করেন হোয়াং হিচান। সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে তারা। এই গোলেই নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় রাউন্ড।