শান্তর ফর্ম নিয়ে চিন্তিত নন ডমিঙ্গো
আবারো ব্যাটার নাজমুল হোসেন শান্তর পক্ষে গীত গাইলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ভবিষ্যতে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সেরা হবার সামর্থ্য রয়েছে তার।
ইনজুরিতে পড়া তামিম ইকবালের বদলি হিসেবে উদ্বোধনী ব্যাটার হিসেবে দলে আসেন শান্ত। প্রথম ম্যাচে দীপক চাহারের বলে স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট হন তিনি।
ডমিঙ্গো বলেন, আমি বাম-ডান ওপেনিং কম্বিনেশন পছন্দ করি। সাদা বলের ক্রিকেটে নিজের পথ খুঁজে পাচ্ছে সে। টি-২০ বিশ্বকাপে দু’টি হাফ-সেঞ্চুরি করেছে সে।
.png)
তিনি আরো বলেন, আরো ধারাবাহিক পারফরমেন্স করতে হবে শান্তকে। কিছু কঠিন উইকেটে খেলছে সে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। ১৪টি ওয়ানডে খুব বেশি ম্যাচ নয়। কঠিন পরিস্থিতিতে বড় দলের বিপক্ষে খেলছে সে।
১৪টি ওয়ানডেতে মাত্র ছয়বার ২০ রানের সীমা অতিক্রম করতে পেরেছেন শান্ত। দুই অঙ্কে যাবার আগে আটবার আউট হয়েছেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেসহ শেষ দুই ম্যাচে খালি হাতে ফিরেছেন শান্ত।
ব্যাটে রান না থাকার কারণেই বাংলাদেশ ক্রিকেটে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শান্ত। শান্তর পক্ষে গীত গাইতে দক্ষিণ আফ্রিকার গ্রেট জক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো জানান, শান্তর মতো ক্যারিয়ারের শুরুতে খারাপ পারফরমেন্স ছিলো ক্যালিসের। র্পকর্তীতে বিশ্বের বড় তারকা হয়েছেন ক্যালিস।
তিনি বলেন, আমি দুর্দান্ত অনেক খেলোয়াড় দেখেছি। যাদের প্রথম ২০-২৫ ম্যাচ ও ২০ টেস্টের রেকর্ড ভাল ছিল না। ক্যালিসের কথা বলি। প্রথম ১২ টেস্টে তার গড় ১২ ছিল।
শান্তর গড় ১৯ টেস্টে ২৬ দশমিক ০৮, ১৪ ওয়ানডেতে ১৩ দশমিক ৫০ এবং ১৭ টি-টোয়েন্টিতে ২৪। এমন গড় ইঙ্গিত দিচ্ছে, ক্রিকেটের কোনও ফরম্যাটেই ধারাবাহিক হতে পারেননি তিনি। তবে শান্তর ওপর আস্থা রাখার আহ্বান ডমিঙ্গোর।
ডমিঙ্গো বলেন, ওয়েস্ট ইন্ডিজে কিছু কঠিন উইকেটে খেলতে হয়েছে তাকে। সেখানে কিছু ভালো ইনিংসও খেলেছে । কিছু ক্রিকেটারের উপর আস্থা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। কঠিন কন্ডিশনে ১২টি ওয়ানডে ম্যাচ বেশি নয়। এজন্য ধৈর্য ধরতে হবে। ফর্মে খুঁজে পাবার জন্য তাকে সুযোগ দেয়া উচিত।