রোড টু ফাইনাল: ফ্রান্স
দেখতে দেখতে ফিকে হয়ে এসেছে কাতার বিশ্বকাপের রং। আজ আরেকবার এবং শেষবারের মতো হাউইবাজির মতো ছিটকে উঠবে বিশ্বকাপের আঁতশবাজি। তাতে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে মহামঞ্চের মহারণের। তার আগে দেখে নেয়া যাক যেভাবে ফাইনালের মঞ্চে পৌঁছেছে ফ্রান্স।
গত আসরের শিরোপাধারী দল ফ্রান্স। এবারের বিশ্বকাপেও আগের আসরের ছাপ রেখেছে তারা। পুরো টুর্নামেন্টজুড়ে দাপট দেখিয়েছে দলটি। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দেয় ৪-১ গোলের বড় ব্যবধানে। পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জয় পায় ২-১ গোলে।
তবে খানিকটা হোঁচট খায় শেষ ম্যাচে। টানা দুটি ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় তিউনিসিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালাতে যান ফরাসি কোচ দিদিয়ের দেশম। তবে তা কাজে আসেনি। সে ম্যাাচে ১-০ গোলের হারে ফ্রান্স।
.png)
রাউন্ড অব সিক্সটিনে তাদের প্রতিপক্ষ ছিলো পোল্যান্ড। পুরো আসরে দুর্দান্ত খেলা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সে ম্যাচে ফ্রান্স জেতে ৩-১ ব্যবধানে। তাদের দাপটের কাছে টিকতে পারেনি রবার্ট লেভানদোভস্কির দল। তাতে নিশ্চিত হয় শেষ আট।
কোয়ার্টার ফাইনালে তারা পায় ইউরোপের 'পাওয়ার হাউস' খ্যাত ইংল্যান্ডকে। ইংলিশদেরও ২-১ গোলে হারায় ফরাসিরা। তাতে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠে আসে দিদিয়ের দেশমের শিষ্যরা। তাদের সামনে হাতছানি দিতে থাকে টানা দ্বিতীয় ফাইনাল।
শেষ চারে তাদের প্রতিপক্ষ ছিলো আসরজুড়ে চমক দেখানো মরক্কো। মরোক্কানরা নিজেদের সেরা ফুটবলের পসরা সাজিয়ে বসে সেমিফাইনালেও। তবে পেরে ওঠেনি। তাদেরকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় এমবাপ্পে-হুগো লরিসরা।