ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রোনালদোর ওপর ২ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলে সৌদি ক্লাবের হয়ে মাঠে নামা হলো না তার। আগামী ম্যাচেও তাকে দর্শক হয়েই থাকতে হবে।
বৃহস্পতিবার রাতে আল তায়ের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আল নাসেরের ম্যাচ। কিন্তু ওইদিন প্রচণ্ড বৃষ্টিপাত এবং বিদ্যুৎ না থাকায় পুরো ম্যাচটাই ২৪ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়।
.png)
শুক্রবার রাতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে আল তায়েকে ২-০ গোলে পরাজিত করে আল নাসের। তবে মাঠে নামতে পারেননি রোনালদো। গ্যালারিতে বসেই দলের জয় দেখলেন তিনি। দলের গোলের পর পর তাকে উল্লাস করতেও দেখা যায়।
উল্লেখ্য, আড়াই বছরের জন্য সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হন রোনালদো এবং এই সময়ের মধ্যে প্রায় ১৮৭ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেবেন তিনি। তার খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়েছিলো আল নাসেরের ভক্তরা। কিন্তু হতাশ হতে হলো তাদের।
এর আগে গত বছরের এপ্রিলে এভার্টনের কাছে হারের পর মাঠ থেকে বের হওয়ার সময় এক ক্ষুদে ভক্তের মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারেন রোনালদো। সে ঘটনায় পরে দুঃখ প্রকাশ করলেও রোনালদোর প্রতি ২ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে এফএ।
যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়, ততদিনে রোনালদোর সঙ্গে ম্যানইউর বিচ্ছেদ ঘটে গেছে। সুতরাং, সেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা থেকেই যায়। ফিফার নিয়ম হলো, কোনো খেলোয়াড়ের ওপর সে যে দেশের লিগে খেলে, সেখানে শৃঙ্খলাজনিত কোনো শাস্তির সম্মুখিন হলে অন্য কোনো দেশে চলে গেলেও সেই শাস্তি বহাল থাকবে।
নিজেদের পরের ম্যাচে ১৪ জানুয়ারি আল শাবাবের বিপক্ষে মাঠে নামবে আল নাসের। ২২ জানুয়ারি আল মারসুল পার্কে আল ইত্তিফাকের বিপক্ষে। প্রথম মাঠে নামবেন রোনালদো।