ভুট্টা ক্ষেতে যেভাবে এলো মেসির ছবি, দেখা যায় মহাকাশ থেকেও
কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে মাত্র এক মাস হলো। কিন্তু এখনো কাটেনি আর্জেন্টাইনদের উদযাপনের রেশ। বিশ্বকাপ জেতার জন্য অধিনায়ক লিওনেল মেসির প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার কৃষক মাহিমিলিয়ানো স্পাইনাস।
১২৪ একরের ভুট্টা ক্ষেতে বিশেষ কায়দায় বীজ বুনে মেসির ছবি এঁকেছেন তিনি। সেন্ট্রাল কর্দোভা প্রদেশের লস কন্দোরেস মাঠটি অ্যালগরিদম ব্যবহার করে বপন করা হয়েছে। যা ঠিক কোথায় বীজ রোপণ করতে হবে সেই সংকেত দেয়। সেখানে ভুট্টা ফলে উঠলে মেসির দাঁড়িভর্তি ছবিটি বিশাল আকৃতি পায়।
ফুটবল পাগল দেশ হওয়ার পাশাপাশি অন্যতম প্রধান কৃষি উৎপাদনকারী দেশ হিসেবেও পরিচয় আছে আর্জেন্টিনার। পুরো বিশ্বে ভুট্টার তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ তারা। তাই কৃষিই তাদের প্রধান চালিকাশক্তি।
.png)
বিশ্বকাপ জয়ের পরই মাহিমিলিয়ানো স্পাইনেস সিদ্ধান্ত নেন ভুট্টা ক্ষেতে মেসির একটি ছবি ফুটিয়ে তুলবেন তিনি। এরপর অ্যালগরিদম অনুযায়ী রোপণ করেন বীজ। মেসির বিশাল আকৃতির এই ছবি এখন দেখা যায় মহাকাশ থেকেও।
এ বিষয়ে মাহিমিলিয়ানো বলেন, ‘আমার কাছে মেসি হলো অপ্রতিরোধ্য। তারা এখন বিশ্বচ্যাম্পিয়ন। ভুট্টা ফসলের মাধ্যমে এটা প্রকাশ করতে পেরে আমি আনন্দিত।’
জমির মালিক মাহিমিলিয়ানো হলেও মেসিকে এভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ভাবনাটা প্রথম মাথায় আসে কৃষি প্রকৌশলী কার্লোস ফারিসেয়ির। কোডিংয়ের কাজটা তিনিই করেছেন। ফুটিয়ে তোলেন কৃষি শিল্প।