ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী আইপিএলের নিলামে আট বাংলাদেশী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ২০ জানুয়ারি ২০২৩
নারী আইপিএলের নিলামে আট বাংলাদেশী
ফাইল ছবি

ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের উন্নতি চোখে পড়ার মতো। সাম্প্রতিক সময়ে হার্ডহিটিং দিয়ে নজর কেড়েছেন যুব দলের কিশোরীরাও। তারই ধারায় এবার নারীদের আইপিএলে সুযোগ পেয়েছেন সালমা-জাহানারা-স্বর্নাসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার।

চলতি বছরের মার্চে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী আইপিএলের আসর। ৬ দলের টুর্নামেন্টটি যাত্রার আগে বেশ সাড়া ফেলেছে। পুরুষদের আইপিএলের মতোই বাজার ধরার চেষ্টায় বিসিসিআই। ৯২১ কোটি রুপিতে মিডিয়া স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই।

আসরের দলগুলোর চাহিদা বিবেচনায় ৮ জনের তালিকা বিসিসিআইতে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। 

Advertisement

তালিকায় আছেন নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখানো স্বর্না আক্তারও। এছাড়াও আরো আছেন অনূর্ধ্ব-১৯ দলের আরেক ক্রিকেটার মারুফা আক্তার সহ জাতীয় দলের নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন, জাহানারা আলম, রিতু মনি ও নাহিদা আক্তার।

নারীদের আইপিএলের প্রথম মৌসুমে ৬টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল একাদশে পাঁচ বিদেশি ক্রিকেটার রাখতে পারবে। পূর্ণ সদস্য দেশের ৪ জনের সঙ্গে বাধ্যতামূলক একজন সহযোগী দেশের ক্রিকেটার রাখতে হবে একাদশে। 

এর আগে আইপিএলের আদলে বিসিসিআই ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামে তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করতো। ওই টুর্নামেন্টে বাংলাদেশের সালমা খাতুন, জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!