প্রেমিকার এক চড়েই শঙ্কার মুখে ক্লার্কের ধারাভাষ্য ক্যারিয়ার
গেল কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ার গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রেমিকা জেড ইয়ারব্রো চড় মেরেছেন মাইকেল ক্লার্ককে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
আর এই এক চড়েই হুমকির মুখে ক্লার্কের ধারভাষ্য ক্যারিয়ার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর, জনসাধারণের সামনে বিতর্কিত এই ঘটনার জন্য অস্ট্রেলিয়া দলের আসন্ন ভারত সফরে ধারাভাষ্য দল থেকে বাদ পড়তে পারেন ক্লার্ক।
ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, চার টেস্টের এই সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। সেখানে ধারাভাষ্য দলে ৪১ বছর বয়সী ক্লার্ককে রাখা হবে কি না, তা পুনরায় মূল্যায়ন করছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বোর্ডার-গাভাস্কার ট্রফি নামের চার টেস্টের এই সিরিজে ভালো আয় করার সুযোগ আছে ক্লার্কের সামনে। ধারাভাষ্য চুক্তি থেকে দেড় লাখ ডলার আয় করতে পারতেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ধারাভাষ্য দলে ম্যাথু হেইডেন ও ক্লার্কের থাকার কথা।
তবে প্রেমিকার হাতের চড় বিরাট ঝামেলায় ফেলে দিলো ক্লার্ককে। এর আগেও বিসিসিআই নিজেদের শর্তের সঙ্গে না মেলায় ধারাভাষ্য চুক্তি থেকে বেশ কয়েকজনকে বাদ দিয়েছে।
অস্ট্রেলিয়ায় এ সিরিজ প্রচার করবে ফক্স স্পোর্টস। ফক্স স্পোর্টসের কাছে বৈশ্বিক ধারাভাষ্য দল সম্পর্কে জানতে চেয়েছিল নিউজ ডটকম ডটএইউ। কিন্তু ফক্স স্পোর্টস এ নিয়ে কোনো মতামত দেয়নি। ক্লার্ক ধারাভাষ্য-চুক্তি হারালে সেটি হবে তাঁর জন্য আরেকটি বড় ধাক্কা।
ক্লার্কের জন্য আরেকটি দুঃসংবাদ এর আগেই হাজির হয়েছিলো। তা হলো, গত বুধবার ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টা পর একটি প্রসাধনী ব্র্যান্ড তাঁর সঙ্গে স্পনসর চুক্তি বাতিল করে।
উল্লেক্ষ্য, কুইন্সল্যান্ডের নোসায় ছুটি কাটাতে গিয়ে রাতে খাবার খাওয়ার সময় ক্লার্কের ওপর চড়াও হন তাঁর প্রেমিকা জেড ইয়ারব্রো। সাবেক প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার পিপ এডয়ার্ডসের সঙ্গে সম্পর্ক এখনো আছে—ক্লার্কের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন ইয়ারব্রো।