প্যারিসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সোমবার পুরস্কার তুলে দেওয়া হবে।
আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়া মেসিকেই এবারের সেরা পুরস্কারের তালিকায় ফেভারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও রয়েছেন এগিয়ে।
.png)
সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি ২০১৬ সাল থেকে প্রবর্তিত ফিফা বর্ষসেরা পুরস্কার ২০১৯ সালে একবারই জয় করেছেন।
গত দুই বছর এই পুরস্কার জয় করেছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। দু’বারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেওয়ার পুরস্কার হিসেবে এবার বর্ষসেরার ট্রফিটি উঠতে পারে ৩৫ বছর বয়সী মেসির হাতে। ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিক সেরা খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট প্রদান করতে পারেন।
২০১৬ সাল থেকে প্রবর্তিত ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড এবার নিয়ে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের ছয়বার এ ট্রফিটি ভাগ করে নিয়েছেন চারজন ফুটবলার। যেখানে দুইবারে করে নিয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়েছেন তখন এ কৃতিত্ব অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন। আর দ্বিতীয় ফুটবলার হলেন পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। যিনি বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় এ ট্রফি ঘরে তোলেন।
বর্তমানে তিনি বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন। এবারের ট্রফিটি যদি মেসির হাতে উঠে তাহলে বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে দ্বিতীয়বারের মতো এ ট্রফি ঘরে তুলবেন তিনি।