ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার আলমেরিয়ার কাছে হার বার্সার, তবুও শীর্ষস্থানে জাভির শিষ্যরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
এবার আলমেরিয়ার কাছে হার বার্সার, তবুও শীর্ষস্থানে জাভির শিষ্যরা
বিলাল তোরের গোলের পর আলমেরিয়ার উদযাপন এবং ম্যাচ হারের পর বার্সেলোনার রবার্ট লেভানডফস্কির হতাশা; ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সাথে লিগের পয়েন্ট তালিকার ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল আজ বার্সেলোনার সামনে। কিন্তু রোববার (২৬ ফেব্রুয়ারি) জাভি হার্নান্দেজের দল সেটা তো পারলই না, উল্টো এলোমেলো ফুটবল খেলে ১-০ গোলে হেরে গেছে আলমেরিয়ার কাছে। 

তবে এ হারের পরও ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে খুব শক্তভাবেই লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা সোসিয়েদাদের পয়েন্ট ৪৩।

পুরো ম্যাচজুড়ে ৭২ ভাগ বল দখলে রেখেও এবং বেশ কিছু সুযোগ তৈরি করেও ম্যাচে কোনো গোল দেখা পায়নি বার্সেলোনা। ওদিকে ২৪ মিনিটে মালির স্ট্রাইকার এল বিলাল তোরের একমাত্র গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলমেরিয়া। মিনিট তিনেক পরে টের স্টেগেন দারুণ সেভ না করলে বার্সা দ্বিতীয় গোলটাও হজম করে ফেলত।  

Advertisement

প্রথমার্ধে বেশ এলোমেলো খেললেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে রাফিনিয়া নামার পর বার্সার খেলায় ধার বাড়ে। কিন্তু আলমেরিয়ার ডি-বক্সের কাছাকাছি গিয়ে বারবার খেই হারাতে থাকে বার্সেলোনা। 

রবার্ট লেভানডফস্কি, গাভি ও রাফিনিয়ারা একের পর এক সুযোগ নষ্ট করে গেছেন। আলমেরিয়ার স্প্যানিশ গোলরক্ষক ফার্নান্দো মার্তিনেজকে তাই খুব বড় পরীক্ষা দিতে হয়নি। এর মূল কৃতিত্ব পাবে ব্রাজিলিয়ান রদ্রিগো এলির নেতৃত্বে আলমেরিয়ার রক্ষণভাগ। বার্সেলোনার আক্রমণভাগকে মার্তিনেজের কাছেই যেতে দেননি তাঁরা। লিগে ১৩ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয় পেল আলমেরিয়া।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে ২-১ গোলে হেরে ছিটকে পড়ার পর এবার লা লিগায়ও হার বার্সার। হঠাৎ করেই যেন কিছুটা ছন্দহীন হয়ে পড়ল জাভির শিষ্যরা।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!