সাকিব-তামিম ইস্যু এখানেই শেষ করা উচিত: পাপন
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে স্বাগতিক বাংলাদেশ। এরই মধ্যে দেশের দুই তারকা ক্রিকেটার তামিম-সাকিবের ব্যক্তিগত দ্বন্দ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যদিও এর শুরুটা হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এক মন্তব্য থেকে।
কয়েকদিন আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাপন জানিয়েছিলেন, সাকিব-তামিম একে অপরের সঙ্গে কথা বলেন না। তবে দু’দিন আগেই সুর পাল্টিয়ে তিনি জানিয়েছিলেন, সেসব মিডিয়া থেকেই শোনা।
পাপন বলেন, ‘সাকিব-তামিম ইস্যু এখানেই শেষ করা উচিৎ। এটাকে ঘোলাটে করে জোরমূলক ঝামেলা করার দরকার নেই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি। ধরেন একটা কথা বলা আমার ঠিক হয় নাই বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক না হয় তাহলেই তো ভাল। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।’
.png)
এর আগে সাকিব-তামিম ইস্যুর দায় সাংবাদিকদের দিয়ে বিসিবি সভাপতি বলছিলেন, ‘আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন সিক্রেট। আমি বলিনি, আপনারাই বলেছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের।’
এরপর তিনি বলেন, ‘এমন ভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সব সময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সঙ্গে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।’