সব ছাপিয়ে ক্লাবে ব্যক্তিগত পারফরমেন্সে পিএসজির হয়ে এবার অনন্য রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ক্লাবের ইতিহাসে শীর্ষ গোলদাতা হয়েছেন তিনি, পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ উরুগুয়ের এডিনসন কাভানিকে। এই বিষয়ে এমবাপ্পে বলেছেন, ‘ইতিহাস গড়তে এসেছি।’
শনিবার রাতে নঁতের লিগ ওয়ানে বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিসের জায়ান্টরা। শুরুতেই দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর পিছিয়ে পড়লে সেখান থেকে দলকে টেনে তোলেন এমবাপ্পে। সেই গোলের মাধ্যমে পিএসজির হয়ে করা কাভানির গোলের রেকর্ড ভেঙেছেন ফরাসি এই তারকা।
.png)
ক্লাবটির জার্সিতে এমবাপ্পের গোলসংখ্যা এখন ২০১টি। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২৪৭ ম্যাচ। লিগ ওয়ানে কাভানির চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছেন এমবাপ্পে। লিগটিতে কাভানির সর্বোচ্চ গোল ১৩৮টি। চলতি মৌসুমেও লিগে গোলদাতাদের মধ্যে সবার ওপরে এমবাপ্পে। ২২ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।
গোলের অনন্য রেকর্ড গড়ার পর এমবাপ্পে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কথা বলেছেন সংবাদমাধ্যম ক্যানাল প্লাসের সঙ্গে, ‘আমি খেলছি ইতিহাস গড়ার জন্য। এটি আমি সব সময়ই বলেছি যে আমি ফ্রান্সে ইতিহাস গড়তে চেয়েছি, রাজধানী-দেশ এবং আমার শহরের হয়ে। আমি যা করেছি তা সুন্দর। কিন্তু এখনও আমার অনেক দূর যাওয়া বাকি। এটি আমার ব্যক্তিগত অর্জন। কিন্তু আমি দলের জন্যও কিছু করতে এসেছি।’