গোটা বিশ্বকাপে জুড়েই দুর্দান্ত কিছু সেভ করেছিলেন এমি। বিশেষ করে ফাইনাল ম্যাচে তার এক অনন্য রূপ দেখেছে ফুটবল ভক্তরা। অতিরিক্ত মিনিটে র্যান্ডাল কোলো-মুয়ানির নেয়া শট মার্টিনেজ সেভ করায় ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছিল। আর এই সেভকেই নিজের ক্যারিয়ার সেরা বলছেন বিশ্বকাপজয়ী এই গোলকিপার।
মার্টিনেজ বলেন, 'আমি কিছুটা চাপে ছিলাম। আপনি দেখবেন, আমার বাম হাত এবং আমার বাম পা পাশাপাশি পোস্টে ছিল কারণ আমি প্রার্থনা করছিলাম এবং ভাবছিলাম যে বলটি সেখানে যাবে।'
.png)
তিনি আরো বলেন, 'আমি আমার মুখ নড়াচড়া করিনি, চোখ বন্ধ করে আমি ভেবেছিলাম 'আমার শরীরে বল এসে আঘাত করুক' এবং সেটিই হয়েছিল। আমি কখনো মুখ ফেরাইনি।'
এরপর এমি বলেন, 'যদি বল আমার এখানে (তার নাকের দিকে ইশারা করে) আঘাত করে। আপনি জানেন যে, এটি নিশ্চিত করতে হবে বল যেন গোলপোস্টের ভেতরে না যায়। এটি সম্ভবত আমার ফুটবল ক্যারিয়ারের সেরা সেভ হবে।'
বক্সের ভেতর আর্জেন্টিনা গোলকিপারকে সামনাসামনি একা পেয়ে গিয়েছিলেন মুয়ানি। চলতি বলে ভলি করে শটও নিয়েছিলেন, কিন্তু মার্টিনেজ বাঁ পা দিয়ে বলটি ঠেকিয়ে দিয়েছিলেন। আর তাতে শুধু একটা গোলই রক্ষা পায়নি, একটা বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পেরেছিল মেসির আর্জেন্টিনা।