ক্যারিয়ারের ৭৫তম সেঞ্চুরি করতে কোহলি সময় নিয়েছেন ৩ বছর তিন মাস। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে এ শতক তুলে নিয়েছেন তিনি।
পরিসংখ্যান বলছে, সব ফরম্যাট মিলিয়ে কোহলির মোট সেঞ্চুরি ৭৫টি। এর মধ্যে টেস্টে ২৮টির পাশাপাশি ওয়ানডেতে ৪৬টি শতক হাঁকিয়েছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-২০তেও ভারতের এই সাবেক অধিনায়কের রয়েছে একটি সেঞ্চুরি।
.png)
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় কোহলির চেয়ে এগিয়ে আছেন কেবল সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকার।
ভারতের মাস্টার ব্লাস্টার শচীনের ১০০টি শতক রয়েছে। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং মনে করেন, সেঞ্চুরির সংখ্যায় শচীনকেও ছাড়িয়ে যাবেন কোহলি। শুধু তাই নয়, ক্যারিয়ারে আরো ৫০টি সেঞ্চুরি করতে পারেন কোহলি।
বিষয়টি নিয়ে হরভজন বলেন, কোহলি ৭৫টা সেঞ্চুরি করেই ফেলেছে। আমার মনে হয় আগামী দিনে আরো ৫০টা সেঞ্চুরি হাঁকানোর ক্ষমতা আছে বিরাটের। কারণ সব ফরম্যাটে দাপটের সঙ্গে খেলে সে। অনেকের মনে হতেই পারে আমি বেশি বাড়াবাড়ি করছি।
তিনি আরো বলেন, কিন্তু আমার মনে হয়, একমাত্র বিরাটের পক্ষেই শচীনের রেকর্ড ভাঙা সম্ভব। এখনো ২৪ বছরের তরুণের মতো ফিটনেস ধরে রেখেছে সে। ব্যাটিংয়ে কোনো সমস্যা হলে সেটা শুধরে নিয়েই মাঠে নামছে।