ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে পেতে ২৯ ক্লাবের জোট!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ২৯ মার্চ ২০২৩
মেসিকে পেতে ২৯ ক্লাবের জোট!
লিওলেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে কে না দলে পেতে চায়? ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও তার গোল করার তীব্র ক্ষুধা নজর কাড়ছে সবার। মরুর বুকে ঝড় তুলে কাতার বিশ্বকাপে মেসি পেয়েছেন আরাধ্য সোনালী ট্রফি। এরপর আন্তর্জাতিক ম্যাচে বিরতি ছিল তিন মাসের।

মাঠে ফিরেই আবারো আর্জেন্টাইনদের গোলের ঝড়। দুই ম্যাচে আলবিসেলেস্তেরা করেছে ৯ গোল। যেখানে মেসির একার স্কোর ৪। এই মেসিকে যে সবার চাই-ই চাই! আর এজন্য প্রয়োজনে একজোট হতেও দ্বিধা করছে না ক্লাবগুলো। মেসির উচ্চ বেতন জোগাড়েই এই কৌশল বেছে নিয়েছে তারা।

মেসির বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হচ্ছে। তার সঙ্গে নতুন করে ক্লাবটি চুক্তি করতে চাইলে তার বেতন আরো বাড়াতে হবে বলে গুঞ্জন রয়েছে। তাই মনে করা হচ্ছে এবার পিএসজি অধ্যায় শেষ করতে যাচ্ছেন বিশ্বজয়ী তারকা মেসি।

Advertisement

এরই মধ্যে মেসিকে দলে ভেড়াতে বিভিন্ন ক্লাব দারুণ সব অফার নিয়ে হাজির হচ্ছে। তবে রহস্যে ঘেরা সেসব খবর মেসির দলবদলের খবরে প্রতিনিয়ত নতুন নতুন মোড় দিচ্ছে। এবার তেমনই একটি ভিন্ন কৌশলের কথা উঠে এসেছে সংবাদমাধ্যম ‘স্পোর্ত’র প্রতিবেদনে। 

ওই প্রতিবেদনে বলা হয়, মেসিকে সই করাতে মরিয়া আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি। একইসঙ্গে মেজর সকার লিগে খেলা আরো কয়েকটি ক্লাবও তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। এই পরিস্থিতিতে মেসিকে কিনতে যে পরিমাণ টাকা দরকার, তা জোগানোর জন্য হাত মেলাতে পারে এই লিগে খেলা ২৯টি ক্লাব!

অর্থাৎ তারা সবাই মিলে মেসির বেতনের টাকা দেবে। এরপর মেসিই ঠিক করবেন ২৯টি ক্লাবের মধ্যে তিনি কোন ক্লাবে খেলবেন। মিয়ামি ছাড়া সেই দৌড়ে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও আটলান্টা।

এদিকে, মেসিকে নিতে আগে থেকেই তোড়জোড় চালানো ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল বলেছেন, ‘আমি একবারও বলছি না মেসিকে নিতে চাই না। আমরা বিশ্বের সেরা ফুটবলারদের নিতে চাই। সেই তালিকায় মেসি ও সার্জিও বুস্কেটস রয়েছেন। এই ধরনের ফুটবলাররা মেজর সকার লিগে এলে লিগের চেহারাই বদলে যাবে।’

মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর মধ্যেই ক্লাব মালিক নাসের আল খেলাইফি বলেছেন, মেসি ও এমবাপ্পেদের তিনি ছাড়ার মতো ভুল করতে চান না। চ্যাম্পিয়ন্স লিগে আশানুরূপ সাফল্য না পেলেও তাদের আপাত লক্ষ্য লিগ শিরোপা জয়।

তবে পরবর্তী মৌসুমে নতুন লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায় পিএসজি। তবে এখন পর্যন্ত মেসি দলটিতে থাকার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি। তাকে নিতে সাবেক ক্লাব বার্সেলোনাও চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।

এরই মধ্যে আবার মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসিকে সৌদি আরবে দেখা গেছে। এর আগে সেখানে মেসিকে নিতে বিপুল টাকা নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছিল আল ইত্তিহাদ। শেষ পর্যন্ত মেসি কোন ক্লাবে খেলবেন, সেটি তার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!