ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শীর্ষস্থান ধরে রাখলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৮, ২৯ মার্চ ২০২৩
শীর্ষস্থান ধরে রাখলেন সাকিব
সাকিব আল হাসান

ঘরের মাটিতে চলতি মাসের শুরুতে ইংল্যান্ডকে টি-২০তে হোয়াটওয়াশ করেছে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে টিম টাইগার্স। এসব সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব আল হাসান।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে ওয়ানডে ও টি-২০ সংস্করণে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

আইসিসির প্রকাশিত নতুন তালিকায় টি-২০তে ২৬৫ পয়েন্ট এবং ওয়ানডেতে ৩৯২ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের শীর্ষ অবস্থান নিজের দখলে রেখেছেন সাকিব। 

Advertisement

টি-২০তে ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর অগ্রগতি দুই ধাপ, অবস্থান ষষ্ঠ। তার সতীর্থ রিজা হেনড্রিকস ৮ ধাপ এগিয়ে এখন দ্বাদশ স্থানে।

বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। দ্বিতীয় টি-২০তে ৪৬ বলে ১১৮ রান করা ব্যাটসম্যান ৯২ ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে।

ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়া লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা তিন ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে। ওই সিরিজে না খেলেও উন্নতি হয়েছে প্যাট কামিন্সের। অস্ট্রেলিয়া অধিনায়ক দুই ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে।

আইসিসির নতুন তালিকায় ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-২০তে এক নম্বর বোলার এখন রশিদ। দুইয়ে নেমে যাওয়া শ্রীলংকার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার পয়েন্ট ৬৯৫।

এছাড়াও পাকিস্তান সিরিজে ৪ উইকেট নেয়া মুজিব উর রহমান এগিয়েছেন দুই ধাপ, আছেন ৮ নম্বরে। ৫ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ফজল হক ফারুকি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!