সম্প্রতি বেশ এলোমেলো সময় পাড় করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এ সুযোগে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছেন দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
বৈষম্যের শিকার হয়ে দলে সুযোগ হারিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ব্যাটার খুররম মানজুর। শুধু তাই নয়, বাংলাদেশের হয়েও খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি!
.png)
গত কয়েকদিন আগে দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন খুররম।
খুররম মানজুর দাবি করেছেন, ‘এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কাজ করে। ২০১৬ সালে মিকি আর্থার এসে ৩০ জন খেলোয়াড় বেছে নেন এবং তাদেরই শুধু খেলার সুযোগ দেন। আমি ওই ৩০ জনের মধ্যে ছিলাম না। তাই আমাকে কখনোই সিলেকশনের জন্য বিবেচনা করা হয়নি। পারফর্ম করা সত্ত্বেও আর্থার আমাকে পছন্দ করেননি।’
এর আগে বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বলে মন্তব্য এই ব্যাটারের, ‘২০০৯ সালে আমাকে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ চাচ্ছিল আমি যেন তাদের হয়ে খেলি। কিন্তু আমি সবসময় আমার দেশের হয়ে খেলার কথাই ভেবেছি।’
প্রসঙ্গত, পাকিস্তানের জার্সিতে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন খুররম। ২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে তিনি সর্বশেষ মাঠে নেমেছিলেন। দেশের হয়ে ১৬ টেস্টে এক সেঞ্চুরির সঙ্গে তিনি করেছেন ৭টি হাফ সেঞ্চুরি। তবে এমন পারফরম্যান্সও তাকে দলে রাখতে যথেষ্ট ছিল না।