কলকাতার জার্সিতে লিটনের অভিষেকের অপেক্ষার প্রহর গুনছেন লাখো ক্রিকেটপ্রেমীরা। অবশেষে আজই হয়তো সেই অপেক্ষার প্রহরের অবসান হতে যাচ্ছে।
রোববার বাংলাদেশ সময় বিকেল চারটায় ওয়াংখেড়েতে কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের আগে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন লিটন। ছবিতে অনুশীলন সেশনে কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে লিটনকে দেখা গেছে।
.png)
বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে আজ প্রস্তুত নাইট রাইডার্স।’
প্রথমবারের মতো আইপিএল খেলতে গত রোববার ভারতে উড়াল দিয়েছিলেন লিটন। পরের দিন লিটনকে বরণ করে নেয় কলকাতা।
সে সময় আইপিএলের কলকাতা লিটনের ছবি পোস্ট করে তাদের ফেসবুক পেজে লিখেছিল, ‘পৌঁছে গেছে লিটন দা।’
ভারত পৌঁছানোর পর ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছিল কলকাতা। ওই ম্যাচে ২৩ রানে হেরে গিয়েছিল নীতিশ রানার দল। বর্তমানে ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে নাইটরা।