ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাশেজে ওয়ার্নারের সুযোগ পাওয়ার পক্ষে টেইলর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৬, ১৯ এপ্রিল ২০২৩
অ্যাশেজে ওয়ার্নারের সুযোগ পাওয়ার পক্ষে টেইলর
ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার একাধিকবার জানিয়েছেন, টেস্ট ক্যারিয়ারের গোধূলিলগ্নে আছেন তিনি। বেশ কিছুদিন ধরেই টেস্ট দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সব ঠিক থাকলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এ ওপেনার খেলবেন এটা নিশ্চিত করেই বলা যায়।

কিন্তু আসন্ন অ্যাশেজে ওয়ার্নারের দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে মহাগুরুত্বপূর্ণ এ সিরিজে তাকে অন্তত দুই টেস্টে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের একজন মার্ক টেইলর।

ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পরে অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হবে এই সপ্তাহেই। সেখানে সবচেয়ে বেশি কৌতূহল টপ অর্ডার নিয়েই। আলোচনার কেন্দ্রে এখানে ওয়ার্নার।

Advertisement

অভিজ্ঞ ওপেনারের ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে বেশ কিছু দিন ধরেই। দলে জায়গা হারানোর দুয়ারে দাঁড়িয়ে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি উপহার দেন তিনি। ওই ইনিংসের আগে টানা ১০ ইনিংসে তার কোনো ফিফটি ছিল না।

এদিকে ডাবল সেঞ্চুরির পর চার ইনিংসে আবার ১৫ রানও পার হতে পারেননি ওয়ার্নার। সব মিলিয়ে গত ৩২ ইনিংসে তার সেঞ্চুরি ওই একটিই।

টেইলর বলেন, আমার ধারণা যদি সত্যি হয়, যা বুঝতে পাচ্ছি, ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা ডেভিডের (ওয়ার্নার) ওপর আস্থা রাখবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যদি এটিই অস্ট্রেলিয়ার ভাবনা হয়, তাহলে হ্যাঁ, অ্যাশেজেও তাকে দিয়েই তাদের শুরু করতে হবে।

তিনি আরো বলেন, উসমান খাজা ও ওয়ার্নারকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করিয়ে এক সপ্তাহ পরই এজবাস্টনে (অ্যাশেজে) প্রথম টেস্টে ওপেনিং জুটিতে পরিবর্তন আনা খুব কঠিন হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে উদ্বোধনী জুটিকে তারা সেরা মনে করবে, অ্যাশেজের প্রথম তিন টেস্টে তাদেরকেই রাখা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!