ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালের পর এবার ধরাশায়ী বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬, ২৭ এপ্রিল ২০২৩
রিয়ালের পর এবার ধরাশায়ী বার্সেলোনা
ছবি- সংগৃহীত

লা লিগায় শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটাই চাপমুক্ত বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ঢের এগিয়ে জাভির শিষ্যরা। তবে নিজেদের আরো এগিয়ে নেয়ার ম্যাচে হোঁচট খেয়েছে স্প্যানিশ ক্লাবটি। 

গত ম্যাচে জিরোনার বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার ‘দুর্বল’ প্রতিপক্ষ ভাল্লেকানোর কাছে ধরাশায়ী হয়েছে বার্সেলোনা। জয়ের ধারা অব্যাহত রাখার রাতে কক্ষচ্যুত হয়ে ২-১ গোলের ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।

এদিন সপ্তদশ মিনিটে বিপদে পড়তে বসেছিল বার্সেলোনা। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের একজনের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মার্ক-স্টেগেন। এক মিনিট পর আর পারেননি তিনি। বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে ভাল্লেকানোকে এগিয়ে নেন আলভারো গার্সিয়া। 

Advertisement

ম্যাচের ২৩তম মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে বার্সেলোনা। কাছ থেকে লেভানদোভস্কির কোনাকুনি শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

মাঝে পরিষ্কার সুযোগ পাচ্ছিল না সফরকারীরা। ৪২তম মিনিটে লেভানদোভস্কি জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। বিরতির আগে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট ঠেকান গোলরক্ষক।

প্রথমার্ধে দ্বিতীয় সেরা দল হয়ে থাকা বার্সেলোনা বিরতির পর ঘুরে দাঁড়াবে কী, উল্টো ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ভাল্লেকানো। মাঝমাঠের কাছে ফ্রেংকি ডি ইয়ংয়ের স্লাইডের পর বল পেয়ে যান ফ্রান গার্সিয়া। এগিয়ে বক্সে ঢুকে টের স্টেগেনকে পরাস্ত করেন তিনি।
 
৬১তম মিনিটে গাভির নিচু শট ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। আর ৮৩তম মিনিটে লেভানদোভস্কির গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ পর্যন্ত তেমন কিছু করতে পারেনি বার্সেলোনা। ফঁক কেসিয়ের শট এক ডিফেন্ডার ঠেকানোর পর জোরাল শটে চার ম্যাচের গোল-খরা কাটান পোলিশ স্ট্রাইকার। এই জয়ে ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভাল্লেকানো।

এবারের লিগে ৩১ ম্যাচে বার্সেলোনার তৃতীয় হার এটি। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে গোল ও জয়হীন থাকার পর গত রবিবার লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল জাভির দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!