এবার ফের আলোচনায় বালোতেল্লি। তবে নতুন কোনো বিতর্ক ঘটিয়ে নয়, শখের নামিদামি সব গাড়ি বিক্রি করে আলোচনায় ইতালির এ ফুটবলার। বিলাসবহুল গাড়ির প্রতি তার ঝোঁক নতুন কিছু নয়। প্রায় সময়ই নতুন এবং দামি গাড়ি কিনতে দেখা গেছে তাকে।
তবে নামিদামি গাড়ির প্রতি বোধহয় আগ্রহ হারিয়ে ফেলেছেন বালোতেল্লি। ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সাবেক এ ফুটবলার বিক্রি করে দিচ্ছেন নামিদামি সবগুলো গাড়ি। ফেরারি থেকে ল্যাম্বরগিনির মত বিশ্বখ্যাত সব গাড়িই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
.png)
৩২ বছর বয়সী বালোতেল্লি মাঠ ও মাঠের বাইরে বিতর্কে জড়িয়েছেন বহুবার। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার কবলেও পড়েছেন। ২০১২ সালে বেন্টলি ব্র্যান্ডের গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন তিনি।
এছাড়া অডি এ৮ গাড়ি নিয়েও দুর্ঘটনার কবলে পড়ার রেকর্ড রয়েছে বালোতেল্লির। একাধিকবার গাড়ি নিয়ে দুর্ঘটনার কবলে পড়লেও সেই গাড়ির প্রতিই যেন তার টান ছিল সবচেয়ে বেশি। যদিও বর্তমানে নিজের পছন্দের সেই গাড়িগুলোই বিক্রি করে দিতে চাচ্ছেন তিনি।
গাড়ি বিক্রি করে দেওয়ার কথা উল্লেখ করে বালোতেল্লি বলেন, ‘আমার গ্যারেজে এখনো আরএসকিউ৮, ৫০০ আবার্থ ও জিটিআর নিসমো নিসান মডেলের গাড়ি রয়েছে। আবার্থ মডেলের গাড়িটিও বিক্রি করে দিচ্ছি আমি।’
উল্লেখ্য যে, বালোতেল্লি বর্তমানে সুইজারল্যান্ডের ক্লাব সিয়ন এ খেলছেন। চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে মাত্র ৬ গোল করেছেন তিনি। বালোতেল্লির মতো ছন্দে নেই তার দলও। চলতি মৌসুমে সিয়ন সুইস সুপার লীগে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।