একাদশে সুযোগ না পাওয়াদের তালিকায় সবার আগে রাখা যায় কুইন্টন ডি ককের নাম। দক্ষিণ আফ্রিকার এই তারকা উইকেটকিপার ব্যাটার ডাগআউটে থেকেও দলে সুযোগ পাচ্ছেন না, এমনটা ভাবা যায়! বাস্তবে তাই হচ্ছে।
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ থাকায় লখনৌ শিবিরে যোগ দিতে একটু দেরি হয়েছিল ডি ককের। তার জায়গায় নেমে দারুণ করছেন উইন্ডিজ রিক্রুট কাইল মেয়ার্স। তাই দলে যোগ দিলেও এখনো ৬.৭৫ কোটি টাকার এই ক্রিকেটারকে মাঠে দেখা যায়নি।
.png)
এদিকে জস হ্যাজলউডের দুর্ভাগ্য বলতেই হয়। চেন্নাইয়ের হয়ে দীর্ঘ সময় খেলেছেন এই অজি তারকা। ২০২২ আইপিএলে তাকে ৭.৭৫ কোটি রুপিতে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত বছর ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১২টি ম্যাচে খেলেছিলেন তিনি।
এবার চোটের কারণে আইপিএলের প্রথম দিকের সাতটি ম্যাচে খেলতে পারেননি হ্যাজলউড। বিদেশি বোলার হিসেবে তার জায়গায় নিয়মিত খেলছেন ডেভিড উইলি।
আইপিএলের মতো তারকাবহুল মঞ্চে নিয়মিত সুযোগ পেতে পারফরম্যান্সই শেষ কথা। সেই দৌড়ে পিছিয়ে পড়েছেন ম্যাথু ওয়েড। গুজরাট টাইটান্সের হয়ে এবার একটি ম্যাচেও খেলার সুযোগ মিলছে না তার। কবে সুযোগ পাবেন তাও নিশ্চিত নয়।
এদিকে, আইপিএল খেলবেন না খেলবেন না করেও গত বারের নিলামে নাম লিখিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক জো রুট। দলও পেয়ে যান। এক কোটি টাকায় তাকে কেনে রাজস্থান রয়্যালস। কিন্তু তাকে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি।
রুটের ধীর গতিতে খেলার প্রবণতাই সুযোগ না পাওয়ার প্রধান অন্তরায় বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সর্বসাকুল্যে দুই ম্যাচে খেলার সুযোগ পেলেও এখনো নামা হয়নি লুঙ্গি এনগিদির।