ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারকে তাড়াতে পিএসজি সমর্থকদের বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ৪ মে ২০২৩
নেইমারকে তাড়াতে পিএসজি সমর্থকদের বিক্ষোভ
ছবি- ডেইলি বাংলাদেশ

চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। তারকায় কোনঠাসা দল নিয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না ফরাসি ক্লাবটি। এজন্য ক্ষোভে ফুঁসছে ক্লাবটির সমর্থকেরা।

সম্প্রতি ক্লাবের অনুমতি না নিয়ে সৌদিতে সফর করায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। ক্লাবটির এমন সিদ্ধান্তে আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। পাশাপাশি যে কয়েকদিন নিষিদ্ধ হয়েছেন তার জন্য বেতন ও অন্যান্য সুবিধা থেকেও বঞ্চিত হবেন এ তারকা ফুটবলার।

মেসিকে নিয়ে পিএসজির কঠিন সিদ্ধান্তের মাঝেই ব্রাজিল সুপারস্টার নেইমারকে তাড়াতে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন ক্লাবটির সমর্থকেরা। পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী 'আল্ট্রা'র পক্ষ থেকে বিক্ষোভও করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে। তাদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিএসজির ওই সমর্থকেরা মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা ক্ষোভ প্রকাশ করেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির প্রতিও। পিএসজির প্রধান কার্যালয়ের সামনে থেকে তারা অবস্থান করেন নেইমারের বাড়ির সামনে। সেখানে 'নেইমার চলে যাও' স্লোগান দেন তারা।

বাড়ির সামনে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করেছেন ব্রাজিল তারকা নিজেই। 'আই ওয়াজ ক্লিয়ার' নামে ইনস্টাগ্রামের এক পেজ থেকে বিক্ষোভের ভিডিও প্রকাশ করা হয়। যেখানে নেইমার দুটি মন্তব্য করেন। প্রথমটিতে লেখেন, ‘তারা বাড়িতে গিয়েছিল।’ দ্বিতীয় বার্তায় লেখেন, ‘তারা এই মাত্র চলে গেছে।’

তবে সমর্থকদের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি ফরাসি ক্লাবটি। এক বিবৃতিতে সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়ে পিএসজি জানিয়েছে, ‘একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। মতপার্থক্য যাই থাক না কেন, কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না। এই লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!