ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে অনন্য মাইলফলক স্পর্শ করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ৭ মে ২০২৩
আইপিএলে অনন্য মাইলফলক স্পর্শ করলেন কোহলি
ছবি: সংগৃহীত

ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট আইপিএলে ২৩৩ ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। নিজের সর্বশেষ ম্যাচে অনন্য মাইলফলকে স্পর্শ করলেন তিনি। মাইলফলকটি ছুঁতে শনিবার (৬ মে) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কোহলির দরকার ছিল ১২ রান। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের ঠিকানায় পা রাখলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

উপলক্ষটা তিনি রাঙান ফিফটি করে। এরপর যদিও ইনিংস আর বড় করতে পারেননি। ৪৬ বলে ৫ চারে করেন ৫৫ রান।

বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলের শর্ট বল কাট শটে পয়েন্ট ও কাভারের মাঝামাঝি দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহলি। স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের ঠিকানায় পা রাখলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

Advertisement

২৩৩ ম্যাচ আর ২২৫ ইনিংসে কোহলির রান এখন ৭ হাজার ৩৮। ৩৬.৮৪ গড় ও ১২৯.৪৯ স্ট্রাইক রেটে এই রান করার পথে তিনি সেঞ্চুরি করেন ৫টি, ফিফটি ৫০টি।

২১৩ ম্যাচে ৬ হাজার ৫৩৬ রান নিয়ে কোহলির পরে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ৬ হাজারের বেশি রান আছে আর কেবল ডেভিড ওয়ার্নার (৬ হাজার ১৮৯) ও রোহিত শর্মার (৬ হাজার ৬৩)।

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরের হয়ে খেলছেন কোহলি। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬ আসরের সবগুলিতে খেলা একমাত্র ক্রিকেটার তিনিই।

প্রথম দুই আসর বাদে প্রতিটিতেই অন্তত ৩০০ রান করেছেন তিনি। কোনো এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডও তার। ২০১৬ আসরে তিনি ৯৭৩ রান করেছিলেন ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক রেটে। যেখানে সেঞ্চুরি ছিল ৪টি। অন্য একটি সেঞ্চুরি তিনি করেন ২০১৯ আসরে। চলতি আসরে এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৬ ফিফটিতে কোহলির রান ৪১৯।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!