ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই দিনেই রাজত্ব হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৭, ৮ মে ২০২৩
দুই দিনেই রাজত্ব হারাল পাকিস্তান
ছবি- সংগৃহীত

নিজেদের ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো শীর্ষে উঠেছিল পাকিস্তান। ২০০৫ সালের পর এবারই প্রথম এমন কীর্তি অর্জন করে বাবর আজমের দল। তবে সেই সুখস্মৃতি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না তাদের। মাত্র দুই দিনেই রাজত্ব হারাল দ্য গ্রিন ম্যানরা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার ওয়ানডেতে জিতে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে নেয় পাকিস্তান। এ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জয় পেলে শীর্ষস্থান ধরে রাখতেন বাবর-আফ্রিদিরা। কিন্তু শেষ ম্যাচে কিউইদের কাছে হেরে শীর্ষস্থান খুইয়েছে স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের কাছে হেরে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে আগের অবস্থান তিনে নেমে গেছে পাকিস্তান। এতে আবারো ওয়ানডেতে সেরা অবস্থানে ফিরেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে সমান ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। হ্যাটট্রিক জয়ে ১১২ রেটিং নিয়ে তিন নম্বরে ওঠে আসে তারা। 

এরপর টানা চার জয়ে ১১৩ রেটিং নিয়ে শীর্ষে আসে বাবর আজমরা। তবে দুই ও তিনে থাকা অস্টেলিয়া ও ভারতের রেটিংও ছিল ১১৩। মূলত নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে জায়গা পায় পাকিস্তান। আর তাই র‌্যাঙ্কিংয়ে রাজত্ব পাকাপোক্ত করতে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। কিন্তু এদিন ৪৭ রানে হেরে গেছে পাকিস্তান।

রোববার করাচি ন‍্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৯৯ রান করে কিউইরা। জবাব দিতে নেমে পাকিস্তানের টপ অর্ডারের ব্যর্থতার দিনে মিডল অর্ডারের ব্যাটারদের সামনে সুযোগ আসে নায়ক হওয়ার। 

নিজের প্রথম ফিফটিতে সেই আশাও জাগান ইফতিখার আহমেদ। কিন্তু তার ক্যারিয়ার সেরা ইনিংসও যথেষ্ট হলো না। তিনশ রানের লক্ষ্যে বাবর আজমের দল থামে ২৫২ রানে। দারুণ জয়ে হোয়াইটওয়াশ এড়ায় নিউজিল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!