পায়ের আঙুলে চোট পেয়ে চলমান আইপিএল থেকে ছিটকে যেতে হয়েছে স্টোকসকে। এর আগে দুই ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে সুযোগ হয় তার। কিন্তু এ দুই ম্যাচেও আলো ছড়াতে পারেননি তিনি। দুই ম্যাচে এক ওভার বল করে দিয়েছেন ১৮ রান আর ব্যাটিংয়ে পেয়েছেন মাত্র ১৫ রান।
বেন স্টোকসের এমন পারফরম্যান্স অপ্রত্যাশিতই! কেননা চেন্নাই টিম ম্যানেজমেন্ট যে উদ্দেশে তাকে দলে নিয়েছিল, সেটিতে ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ওই দুই ম্যাচ খেলার পর আবারো ইনজুরিতে পড়েন স্টোকস। তবে এবারের চোট নিয়ে ব্যাখ্যা দেননি চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং।
.png)
ক্রীড়াবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ‘আইপিএলের গ্রুপ পর্ব শেষ করেই ইংল্যান্ডের বিমান ধরবেন স্টোকস। আগামী ১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজ। এর আগে দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবেন তিনি।’
এদিকে চলমান আইপিএলে গ্রুপ পর্বে চেন্নাইয়ের এক ম্যাচ বাকি রয়েছে। শেষ ম্যাচেও মূল একাদশে থাকার সম্ভাবনা নেই স্টোকসের। অন্তত চেন্নাই কোচ ফ্লেমিংয়ের কথা শুনলে এমনটাই মনে হবে।
ফ্লেমিং বলেন, ‘বেন যে পরিস্থিতিতে রয়েছে তাতে বোলিং করাটা কষ্টকর। আগামী ম্যাচেও সে বিকল্প ব্যাটসম্যান হিসেবে যাবে। মঈন যেহেতু ভালো বল করছে, সেহেতু তারই সুযোগটা বেশি।’
তিনি বলেন, দলের ভারসাম্য ঠিকই আছে। দেখুন, আমরা পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছি। একটা ম্যাচ হারলেই যে দলে পরিবর্তন আনব, আমাদের সংস্কৃতি এমন নয়। আমরা এমনটা করব না।