আগামী ৩০ জুন ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হচ্ছে মেসির। এরপর কোথায় যাবেন তিনি সে ব্যাপারে এখনই কেউ নিশ্চিত নন। তবে সম্ভাব্য ঠিকানা হিসেবে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামির নাম উঠে আসছে। যদিও এসব নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি।
এদিকে যে কোনো মূল্যে মেসিকে পেতে বিভিন্ন ক্লাবের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়ে রেখেছেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাও। সেই একই সুরে এবার কথা বললেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। তার কথায়, ‘বার্সেলোনায় মেসির সঙ্গে খেলতে চান তিনি।’
.png)
পোলিশ স্ট্রাইকার বলেন, ‘আমি তার (মেসি) সঙ্গে এখানে খেলতে চাই। গত কয়েক বছরে তিনি খেলার ধরনে বদল এনেছেন। তার মতো করে ফুটবলটাকে গভীরভাবে বোঝেন, এমন একজনের সঙ্গে খেলাটা সহজ।’
প্রসঙ্গত, ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনার ডেরায় যোগ দিয়েছেন লেভানদোভস্কি। এরপর এখন পর্যন্ত ৩১ ম্যাচে ২২টি গোল করেছেন তিনি। কাতালান ক্লাবটির সঙ্গে ২০২৫-২৬ পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন এ ফুটবলার।