মঙ্গলবার (২৩ মে) রাতে ম্যারাডোনার সামাজিক মাধ্যম ফেসবুকটি হ্যাকিংয়ের কবলে পড়ে! এরপর তার অ্যাকাউন্ট থেকে নানা পোস্ট শেয়ার করছিলেন হ্যাকাররা। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
টিওয়াইসি স্পোর্টস জানায়, হ্যাকিংয়ের শিকার ওই অ্যাকাউন্ট থেকে এরপর বেশ কয়েকটি পোস্ট করা হয়। বিভ্রান্তিকর সেসব পোস্ট পরবর্তীতে নজরে আসে ভক্তদের। এরপরই তারা বুঝতে পারেন যে, আইডি হ্যাক হয়েছে। পরবর্তীতে ম্যারাডোনার ঘনিষ্ঠ ও তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টিম কোনো পোস্ট গুরুতরভাবে না নিয়ে হ্যাক হয়েছে বলে জানান। একইসঙ্গে সেসব পোস্ট এড়িয়ে যেতে আহবান জানান তারা।
.png)

হ্যাক হওয়ার পর ম্যারাডোনার আইডি থেকে প্রথম পোস্টটি ছিল এমন, ‘তারা জানে যে আমি আমার মৃত্যুকে জাল করেছি, তাই না?’
এরপর আরো একাধিক বিতর্কিত মন্তব্য পোস্ট করা হয়। এক পোস্টে লিওনেল মেসিকে নিয়ে ইতিবাচক কথা বললেও আক্রমণ করা হয় তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। এছাড়া আরেকটি পোস্টে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর পক্ষে সমর্থন প্রকাশ করে হ্যাকাররা। ফলে হ্যাকিংয়ের সঙ্গে মেক্সিকান কোনো ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বিভ্রান্ত ভক্তদের উদ্দেশ্যে পরে ম্যারাডোনার পরিবার জানিয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ডিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। আমরা অ্যাকাউন্টটি উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’