ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘সাকিবকে মিস করবে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ২৫ মে ২০২৩
‘সাকিবকে মিস করবে বাংলাদেশ’
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ জুন। তার আগে ২৯ মে দলীয় অনুশীলন শুরু করবে টিম টাইগার্স। তবে ইনজুরির কারণে আসন্ন টেস্ট থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান সাকিব। তখন কিছু জানা না গেলেও ম্যাচ শেষে খবর আসে, আগামী ছয় সপ্তাহের জন্য বাইশ গজের বাইরে থাকবেন তিনি। এজন্য আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচও মিস করেছেন দেশসেরা এ অলরাউন্ডার।

স্বাভাবিকভাবেই আফগান সিরিজে সাকিবকে পাচ্ছে না স্বাগতিক বাংলাদেশ। যার কারণে দলের নেতৃত্বেও বদল এসেছে। গুঞ্জন রয়েছে সাদা পোশাকে অধিনায়ক সাকিবের ঘাটতি মেটাবেন লিটন দাস। তবে ব্যাট-বলে সাকিবের ঘাটতি পূরণ হওয়ার নয়। কারণ তিনি যে একের ভেতর সব। সেই সুরই বেজে উঠেছে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে।

Advertisement

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের না থাকা নিয়ে বাশার বলেন, ‘যদি আমাদের দলটা দেখেন, তারা দুই বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল ও মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক সমৃদ্ধ। ফলে আমরা প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তা-ভাবনা হয়ে গেছে।’

সাকিব থাকলে বাড়তি সুবিধা হয় দাবি করে বাশার আরো বলেন, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। মূলত সাকিব-মুশফিক দুজন থাকলে আমরা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী আমরা সেটা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!