দারুণ পারফরম্যান্স করায় ফেডারেশন কাপের ফাইনালে বাঁশি বাজানো রেফারি আলমগীর সরকার ও সহকারী রেফারি নুরুজ্জামান পুরস্কার পাচ্ছেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপে রেফারিং করবেন তারা।
স্বাগতিক ভারতের বাইরে সাফের অন্য দেশগুলো থেকে ফেডারেশনগুলোকে দুই জন করে রেফারির নাম প্রেরণ করতে বলা হয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি হিসেবে আলমগীর ও সহকারী রেফারি হিসেবে নুরুজ্জামানের নাম পাঠিয়েছে।
.png)
ফেডারেশন কাপ ফাইনালের আগেই তাদের নাম পাঠিয়েছিল বাফুফে। সাম্প্রতিক পারফরম্যান্সে এই দুই রেফারি সেরা হওয়ায় ফাইনালেও তারা ছিলেন। বেশ দক্ষতার সঙ্গেই খেলা পরিচালনা করেছেন তারা। আলমগীর গত ফিফা উইন্ডোতে ভারতে ত্রিদেশীয় টুর্নামেন্টে রেফারিং করেছেন।
এদিকে নুরুজ্জামান সহকারী রেফারি হিসেবে নারী সাফে দায়িত্ব পালন করলেও পুরুষ সাফে এবারই প্রথম পতাকা হাতে দাড়াবেন। পুরো টুর্নামেন্টে দুই ম্যাচ কমিশনার থাকবেন। একজন ভুটানের দর্জি ও আরেকজন ভারতীয় গৌতম কর। গৌতম বাফুফেতে রেফারি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।
সাফ উপলক্ষে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ৪ জুন। আজ জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩৫ জনের প্রাথমিক তালিকা সংক্ষিপ্ত করে ২৭ জনে নামিয়ে আনতে পারেন। বাংলাদেশ দল কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলে ভারত রওনা হবে। এরপর শুরু হবে চূড়ান্ত প্রতিযোগিতা।