‘টাইগারদের কোচিংয়ের সিদ্ধান্ত কঠিন ছিল না’
গত জুনে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওই সিরিজেই সহকারী কোচ হিসেবে টাইগারদের ডেরায় যোগ দিয়েছিলেন নিক পোথাস। এরপর ছুটি কাটিয়ে এবারই প্রথম বাংলাদেশের মাটিতে পা রেখেছেন প্রোটিয়াদের সাবেক এ ক্রিকেটার।
বৃহস্পতিবার (১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন পোথাস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ দলের সঙ্গে কাজের জন্য মোটেও ভাবেননি তিনি। বরং টাইগারদের কোচিংয়ে রোমাঞ্চ দেখছেন এ কোচ।
পোথাস বলেন, ‘এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।’
বাংলাদেশ দল টেস্ট ও টি-২০তে খুব একটা ভালো নয়। পোথাসের ভাষ্যে, ‘জাদু লাগবে যাতে খুব দ্রুত ব্যাটিং বদলে ফেলা যায়! মজা করছিলাম। দেখুন, সবকিছুরই সময় প্রয়োজন। একটা নতুন সংস্কৃতিতে এসেই আমি সবকিছু বদলে ফেলার কথা ভাবতে পারি না। আমার আগে তাদেরকে দেখতে হবে।’
তিনি বলেন, ‘আমি তাদের যে সামর্থ্য দেখেছি, ভালো না করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এক দল শীর্ষে থাকা মানে অন্য দলের অবনমন। এই উত্থান-পতনের সাথেই চলতে হবে। খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই।’
বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে খুবই গরম। এ সময় টেস্ট খেলাটা একটু চ্যালেঞ্জ কি না, এমন প্রশ্নে পোথাস বলেন, ‘ক্যাম্প দারুণ চলছে। ছেলেরা বিশ্রাম পেয়েছে। সবাই বেশ ভালোভাবে প্রস্তুত। প্রধান কোচ এলে ইনটেনসিটিও বাড়বে। তবে গত ৩ দিন দারুণ কেটেছে। গরম নিয়ে বলব, বাংলাদেশে তো গরমই থাকে।’