আগামী ৩ জুন ক্লেমতের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি খেলবে পিএসজি। সেটাই হতে যাচ্ছে পিএসজির জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ।
লিওনেল মেসির ক্লাব ছাড়া নিয়ে এতদিন আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও অবশেষে সেই ইস্যুতে কথা বলেছেন পিএসজি কোচ গালতিয়ের। বৃহস্পতিবার পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের বলেন, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা।
.png)
পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। পার্ক দ্য প্রিন্সেসে ক্লেমতের বিপক্ষে ম্যাচটিই তার শেষ ম্যাচ হবে।’
মেসির দলবদল ইস্যুতে প্রতিদিনই পাওয়া যাচ্ছে নতুন নতুন সব তথ্য। সম্ভাব্য গন্তব্য হিসেবে সাবেক ক্লাব বার্সেলোনা ছাড়াও ওঠে আসছে আরো বেশ কয়েকটি ক্লাবের নাম। তবে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে এ তালিকায় বেশ এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
সৌদি ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাবে নাকি রাজি হয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর দাবি, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা। সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।
জানা যায়, সৌদি আরবের লিগ নিজেদের টুর্নামেন্টকে অন্য অবস্থানে নিয়ে যেতে চায়। সে লক্ষ্যে তারা রোনালদোর পর এবার মেসিকেও উচ্চ বেতনে নেওয়ার পরিকল্পনা করেছে। শুধুমাত্র নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দামেই নয়, মেসির জন্য প্রস্তাবিত মূল্য ফুটবল ইতিহাসের সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে। আল-নাসরে রোনালদোকে নেওয়ার পর থেকেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব আল-হিলাল চায় মেসিকে।
এর আগে বার্সেলোনার সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা পাড়ি জমিয়েছিলেন প্যারিসের ক্লাব পিএসজিতে। তাও বছর দুই হতে চললো। তবে এখনো মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে আছে বার্সা সমর্থকরা। তবে ন্যু ক্যাম্পে ফিরতে হলে সৌদির মোটা প্রস্তাব বিসর্জন দিতে হবে তাকে। কদিন আগে সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, কম বেতনেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।