সোমবার ছিল সাফ ক্যাম্পের দ্বিতীয় দিন। কিংস অ্যারেনায় খেলোয়াড়দের ক্যাম্প দেখতে এসে ফুটবলের কাছে নিজের চাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
সাফের প্রত্যাশা নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘তারা এবারের সাফে ভালো করবে। আমি এমনটাই প্রত্যাশা করি। এখানে তিনজন খেলোয়াড় রয়েছে। যাদের পারফরম্যান্স আমি লিগে নিজের চোখে দেখেছি। আগের থেকে দুই-চারটা খেলোয়াড় রয়েছে, যারা এখন নিজেদের উন্নতি করেছে।’
.png)
এরপর তিনি বলেন, ‘আপনারা আবাহনী, মোহামেডান, বসুন্ধরার ম্যাচ দেখেছেন। তারা সবাই ভালো করেছে। আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে। তাদের সাপোর্ট করতে হবে। কারণ এটা আমার দেশ, আপনার দেশ, সবার দেশ। আমাদের সবাইকে তাদের উপর বিশ্বাস রাখতে হবে।’
দল গঠনে নিজেদের কোনো মতামত নেই সভাপতির। দলের খেলোয়াড়দের এবার তেমন কোনো বার্তাও দিচ্ছেন না তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমি সভাপতি হিসেবে হয়তো সবকিছু করে দিতে পারবো না। আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমি আমার স্থান থেকে চেষ্টা করব। আমি তাদের সহযোগিতা করব। আমিতো তাদের খেলা খেলে দিতে পারবো না। আমি সব সাপোর্ট দিতে পারবো।’
তিনি যোগ করেন, ‘ওরা আমাকে যদি বলে, আমার এটা নাই, সেটা নাই। আমি হয়তো সেই সাপোর্ট দিতে পারি। আমিতো কোনো কিছু করে দিতে পারবো না। দিনশেষে তাদেরকেই খেলতে হবে। কোচ যা বলবে, তারা তাই করবে। আমি বললে হয়তো সেটা কিছুদিন পর থাকবে না। খেলোয়াড়ের পারফরম্যান্স করতে হবে। তাদের ওপর আমাদের আশা রাখতে হবে।’