ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ায় মেসিবাহিনী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ১০ জুন ২০২৩
এশিয়ায় মেসিবাহিনী
ফাইল ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তার নতুন দলের খবরে ব্যস্ত বিশ্ব গণমাধ্যম। এসবের মাঝেই এশিয়া সফরে এসেছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বাধীন দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে পৌঁছে গেছে চীনের বেইজিংয়ে।

ফিফা উইন্ডোতে মেসিদের এশিয়া সফরের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। প্রীতি ম্যাচের আরো অন্তত ৬ দিন বাকি। তবে আজ (১০ জুন) সকালেই বেইজিংয়ে পা রাখেন তারা। আগামী বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন আলবিসেলেস্তেরা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, মেসিদের বরণ করতে বেইজিং বিমানবন্দরে দর্শকদের বড় একটি দল হাজির হয়েছিলেন। এই সময় তার সঙ্গে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনা।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা যায়, তারা দ্রুত বিমান থেকে নেমে বাসে ওঠে যান। এর আগে আর্জেন্টাইন স্কোয়াডে যোগ দিয়েছিলেন নিকোলাস ওটামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরো। তবে আরো বেশ কয়েকটি ছবিতে আর্জেন্টিনার স্কোয়াডে থাকা অন্যান্য ফুটবলারদের বিমানবন্দরে থেকে বের হতে দেখা যায়।

সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন ম্যাচের জন্য প্রথম দফায় ছাড়ার মাত্র ১০ মিনিটে সব টিকিট শেষ হয়ে যায়। আকাশচুম্বী দাম নিয়ে শুরুতে সমালোচনা চললেও মেসিদের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখতে যে দর্শকরা কতটা মুখিয়ে আছেন, সেটাই ফুটে উঠেছে।

জানা গেছে, ফিফা উইন্ডোতে হতে যাওয়া আর্জেন্টিনার প্রথম ম্যাচটি হবে বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে। প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথমে টিকিটের মূল্য ঘোষণা করতেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়।

বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮,৭৫৩ টাকা (৮২ ডলার) থেকে সর্বোচ্চ ৭২,৫৮৭ টাকা (৬৮০ ডলার) পর্যন্ত খরচ করতে হবে। চীনা মুদ্রায় যা সর্বনিম্ন ৫৮০ ইউয়ান থেকে সর্বোচ্চ ৪৮০০ ইউয়ান পর্যন্ত। সেই সময় ৫ ও ৮ জুন দুই ধাপে টিকিট বিক্রির কথা জানিয়েছিল আয়োজকরা।

আসন্ন ম্যাচ দুটির জন্য মেসিকে অধিনায়ক রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। ঘোষিত দলে যেমন কয়েকটি চমক আছে, তেমনি রয়েছে কয়েকজন পরিচিত মুখের অনুপস্থিতিও। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে মেসিদের পরবর্তী ম্যাচটি হবে জাকার্তায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!