ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ম্যানসিটি ছাড়ছেন গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৪, ১৩ জুন ২০২৩
ম্যানসিটি ছাড়ছেন গার্দিওলা!
পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটির সঙ্গে কোচ পেপ গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সালে শেষ হয়ে যাবে। নতুন চুক্তিতে আর স্বাক্ষর না করার ইঙ্গিত দিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগজয়ী এ কোচ। একটি সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, ৫২ বছর বয়সী গার্দিওলা এখনো তার ভবিষ্যত নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু আর দুই মৌসুম পর ইতিহাদ স্টেডিয়ামের সঙ্গে সম্পর্ক শেষ করার বিষয়টি প্রায় নিশ্চিত করে ফেলেছেন।

এরপর হয়তোবা কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন গার্দিওলা। এর আগে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের সঙ্গে পেপের আলোচনার গুঞ্জন শোনা গেছে। এর আগে গত নভেম্বরে বিশ্বকাপ বিরতিতে সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেন গার্দিওলা।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই বস এ মৌসুমে ট্রেবল জয়ের পর সিটির দায়িত্ব ছাড়ার বিষয়টি আগেই উড়িয়ে দিয়েছিলেন। গত মাসেই তিনি সিটি সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছিলেন আগামী মৌসুমেও তিনি ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন।

কিন্তু সূত্রটি জানিয়েছে ২০১৬ সালে সিটির দায়িত্ব নেবার পর এরই মধ্যে গার্দিওলা এই ক্লাবে দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন। যে কারণে আগামী গ্রীষ্মে নতুন করে আর চুক্তি বৃদ্ধির বিষয় নিয়ে ভাবছেন না তিনি।

আগামী বছর সিটির দায়িত্বে অষ্টম বছর কাটাবেন গার্দিওলা। এর আগে চার বছর বার্সেলোনায় ও তিন বছর বায়ার্নে দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও সিটি এখনো গার্দিওলার ব্যপারে আশা ছাড়েনি। তবে তারা গার্দিওলার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানোর কথা জানিয়ে দিয়েছে।

সিটির কোচ হিসেবে গার্দিওলা ১২টি বড় শিরোপা জয় করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০১৯ সালে তার অধীনে সিটি ইংলিশ ঘরোয়া ট্রেবলের পর এ বছর প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল জয় করে। 

২০১১ সালে বার্সেলোনার কোচ হিসেবে শিরোপা জয়ের পর প্রথমবারের মত সিটির কোচ হিসেবে এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতে নিয়েছেন গার্দিওলা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!