বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচেই অভিষেক হয়েছে গার্নাচোর।
এদিন সকারুদের বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিটে নিকোলাস ওতামেন্দির বদলি হিসেবে নামেন গার্নাচো। যদিও এই ম্যাচে কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি তিনি। তবে তার দল জিতেছে ২-০ গোলের ব্যবধানে।
.png)
এশিয়া সফরে সুযোগ পাওয়ার আগেও বেশ কয়েকবার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছিলেন গার্নাচো। ২০২২ সালের মার্চে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু সেবার কোনো ম্যাচেই খেলেননি তিনি।
গার্নাচো আবার জাতীয় দলে ডাক পান এ বছরের মার্চে। কিন্তু ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আলবিসেলেস্তাদের জার্সি গায়ে চাপাতে সক্ষম হলেন এ ফুটবলার।
১৮ বছর বয়সী গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব-২১ ও সিনিয়র দলের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচ খেলেছেন। যেখানে ২৮ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেছেন।