‘এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল’
চলতি বছরের শুরু থেকেই ‘ব্র্যান্ড’ ক্রিকেট খেলছে বাংলাদেশ। হোম এবং অ্যাওয়ে দুটোতেই সফলতা পেতে শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর পেছনে অবশ্য টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবদান রয়েছে।
মূলত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েই বাংলাদেশ দলকে বদলে দিয়েছেন হাথুরু। এবার টাইগারদের বর্তমান দলকে ইতিহাসের সেরা বলে মন্তব্য করেছেন এই শ্রীলংকান কোচ।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচে চালকের অবস্থানে রয়েছে স্বাগতিকরা।
.png)
তৃতীয় দিনের খেলা শুরুর আগমুহূর্তে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য রোডম্যাপ তৈরি শুরু করেছি। এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল। আমাদের সামনে সেরা সুযোগ আছে এমন কিছু করার, যেটা আগে হয়নি। অন্য দলগুলোও একইভাবে প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে, আমরা সেটিই করতে চাই। ’
হাথুরুসিংহের আগের মেয়াদে অভিষেক হয়েছিল লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের। এখন তারা দলের মূল ভূমিকায়। কোচ হিসেবে কেমন লাগে?
এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘এটা খুবই সন্তুষ্টির কারণ যখন আপনি কাউকে অভিষেকের কথা ভাববেন, একটা লক্ষ্য থাকতে হবে, অনেক কিছু ভাবনায়ও আনতে হবে। যখন আপনার সিদ্ধান্তের ব্যাপারে আত্মবিশ্বাস পাবেন তখন সেটা সন্তুষ্টিরই হবে।’