ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০০ ছোঁয়ার ম্যাচ গোল আর জয় দিয়েই রাঙালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ২১ জুন ২০২৩
২০০ ছোঁয়ার ম্যাচ গোল আর জয় দিয়েই রাঙালেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডের মুকুটে যোগ হলো আরেকটি পালক। প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। রেকর্ড গড়া ম্যাচটি গোল দিয়েই রাঙিয়েছেন সিআর সেভেন।

এদিকে রোনালদোর একমাত্র গোলে আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরো বাছাইয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে পর্তুগাল। চলতি বাছাইয়ে এ নিয়ে চার ম্যাচের সবগুলোই জিতল রবার্তো মার্তিনেজের দল।

এর আগে সবশেষ ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেখা হয়েছিল এই দুই দলের। গ্রুপ পর্বের সেই লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। সেবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।

Advertisement

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা মেলে ধরে পর্তুগাল। প্রথম ১৫ মিনিটেই পাঁচটি কর্নার আদায় করে নেয় তারা। শেষ কর্নারটিতে এগিয়েও যেতে পারত দলটি। তবে পেপের লাফিয়ে উঠে নেয়া হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

শুরুর চাপ অবশ্য ধরে রাখতে পারেনি পর্তুগাল। বরং বল দখলে অনেক পিছিয়ে থাকলেও পাল্টা আক্রমণে মাঝে মধ্যে ভীতি ছড়াতে থাকে আইসল্যান্ড। ২৪তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় স্বাগতিকরা। যদিও সাফল্য মেলেনি।

৬৯তম মিনিটে সতীর্থের বাড়ানো থ্রু বল ধরে বক্সে ঢুকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন রোনালদো। অবশ্য বল জালে জড়ালেও মিলত না গোল, অফসাইডে ছিলেন তিনি।

৮০তম মিনিটে গনসালো ইনাসিওকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আইসল্যান্ডের মিডফিল্ডার ভিলাম। এর ৯ মিনিট পরই কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় পর্তুগাল।

ইনাসিওর হেডে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে জালে পাঠান রোনালদো। সঙ্গে সঙ্গে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। দীর্ঘক্ষণ সময় নিয়ে ভিএআরে যাচাই শেষে গোলের বাঁশি বাজান রেফারি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড আগে থেকেই রোনালদোর। এবার তা আরো বাড়িয়ে নিলেন তিনি। ২০০ ম্যাচে তার গোল ১২৩টি। একই সঙ্গে এবারের বাছাইয়ে এখন পর্যন্ত জাল অক্ষত রইল পর্তুগালের। চার ম্যাচে তারা গোল করেছে ১৪টি।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারানো স্লোভাকিয়া ১০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। 

আর বসনিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে লুক্সেমবুর্গ। ৭ পয়েন্ট নিয়ে তারা আছে ৯ নম্বরে। আইসল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে বসনিয়া। কোনো পয়েন্ট না পাওয়া লিখটেনস্টাইন আছে ৬ দলের গ্রুপের তলানিতে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!