বুধবার সন্ধ্যায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবের দক্ষিণ-পশ্চিম দিকের একটি গ্যালারিত আগুন লেগেছিল। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিশ্বকাপ বাছাই পর্বের মাঝেই এমন ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জিম্বাবুয়ে ক্রিকেট একটি বিবৃতিতে জানিয়েছে, ‘হারারে স্পোর্টস ক্লাবের দক্ষিণ-পশ্চিম দিকের একটি গ্যালারিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। ফলে কারো প্রাণহানি হয়নি। যে গ্যালারিতে আগুন লেগেছিল সেটার কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তবে এর ফলে পরবর্তী ম্যাচগুলোতে কোনো সমস্যা হবে না। সূচি অনুযায়ী সব ম্যাচ অনুষ্ঠিত হবে।’
.png)
দেশটির ক্রিকেট বোর্ড আরো জানিয়েছে, ‘জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস ম্যাচ শেষ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর মাঠের দক্ষিণ-পশ্চিম দিকের গ্যালারিতে আগুনের শিখা দেখতে পান মাঠকর্মীরা। তারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। কেন আগুন লাগল তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইসিসি থেকেও প্রতিনিধি দল সেখানে গিয়েছে। তারাও সব দিকে নজর রাখছে।’
এদিকে হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ বাছাই পর্বের এখনো চারটি খেলা বাকি রয়েছে। তার মধ্যে একটি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনাল। যে দু’টি দল সেই ফাইনালে উঠবে তারা ভারত বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।